বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া নিম্নচাপ (Rain Alert) শক্তি বাড়িয়ে উপকূলের দিকে এগোচ্ছে। এর প্রভাবে আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা-সহ একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশ কিছু এলাকায় বৃষ্টি চলবে। এরপর ধীরে ধীরে কমবে দুর্যোগের দাপট।
আবহাওয়া দফতর (Rain Alert) জানিয়েছে, ঘূর্ণাবর্তের প্রভাবে পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূল সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে ইতিমধ্যেই নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৭.৬ কিলোমিটার উচ্চতায় রয়েছে সংশ্লিষ্ট ঘূর্ণাবর্ত। আগামী ৪৮ ঘণ্টায় নিম্নচাপটি আরও শক্তিশালী ও সুস্পষ্ট হয়ে পশ্চিম-উত্তর পশ্চিম দিকে উপকূলের দিকে এগোতে পারে।
আরও পড়ুন – Early Smoking Heart Disease Risk: কম বয়সে সিগারেটে সুখটান? নীরবেই বিকল হচ্ছে আপনার হার্ট!
এর পাশাপাশি সক্রিয় রয়েছে বর্ষাকালীন (Rain Alert) অক্ষরেখাও। পঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ ও ঝাড়খণ্ড হয়ে সেটি পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে। পুরুলিয়ার দিক থেকে দক্ষিণে বাঁক নিয়ে অক্ষরেখাটি বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। ফলে নিম্নচাপের সঙ্গে অক্ষরেখার প্রভাবেও রাজ্যে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে।
রবিবার কলকাতায় ভারী বৃষ্টির (Rain Alert) পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। এক দিনে ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সোমবারও কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই পরিস্থিতি তৈরি হতে পারে হাওড়া, হুগলি এবং উত্তর ২৪ পরগনায়। রবিবার পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে কমলা সতর্কতা জারি করা হয়েছে। এই তিন জেলায় অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। মঙ্গলবার পর্যন্ত এই জেলাগুলিতে বৃষ্টির দাপট বজায় থাকতে পারে। এ ছাড়া পুরুলিয়া, বাঁকুড়া, দক্ষিণ ২৪ পরগনা এবং পশ্চিম বর্ধমানেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় মঙ্গলবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বিক্ষিপ্ত ভাবে। মঙ্গলবারের পর থেকে ধীরে ধীরে কমবে ঝড়-বৃষ্টির তীব্রতা।
আরও পড়ুন – Healthy Evening Snacks: বিকেলের খিদে? রান্নাঘরেই লুকিয়ে সমাধান
নিম্নচাপের প্রভাবে (Rain Alert) সমুদ্রও উত্তাল হওয়ার আশঙ্কা রয়েছে। সমুদ্রে ঘণ্টায় ৩৫ থেকে ৪৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। দমকা হাওয়ার গতিবেগ কখনও কখনও ৫৫ কিলোমিটার প্রতি ঘণ্টায় পৌঁছতে পারে। এই পরিস্থিতিতে সোমবার পর্যন্ত পশ্চিমবঙ্গ ও ওড়িশার উপকূলবর্তী সমুদ্রে মৎস্যজীবীদের যেতে নিষেধ করা হয়েছে।শুধু দক্ষিণবঙ্গ নয়, ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গেও।
দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ারে সোমবার ও মঙ্গলবার ভারী বৃষ্টি হতে পারে। জলপাইগুড়িতে রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত বৃষ্টির দাপট বজায় থাকার পূর্বাভাস রয়েছে। আলিপুরদুয়ারে বুধবারও ভারী বৃষ্টি হতে পারে। কোচবিহারেও ঝড়-বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত না থাকলেও বিক্ষিপ্ত বৃষ্টি চলবে।
এদিকে, রবিবার সকালে কলকাতার (Rain Alert) সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় এক ডিগ্রি বেশি। শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৬ ডিগ্রি সেলসিয়াস। সেটিও স্বাভাবিকের তুলনায় ১.১ ডিগ্রি বেশি।


