Space Career Masterplan: রাতের তারাভরা সীমাহীন আকাশের দিকে তাকিয়ে কখনও কি আপনার মনে হয়েছে, ওই অসীম শূন্যে একবার পাড়ি দেওয়ার কথা? ভারতের চন্দ্রযান যখন চাঁদের মাটিতে পা রাখে কিংবা আদিত্য এল-১ যখন সূর্যের দিকে বুক চিতিয়ে এগিয়ে যায়, তখন কি আপনারও শিরায় শিরায় শিহরণ জাগে? যদি আপনার স্বপ্ন হয় মহাকাশের অজানা রহস্য উন্মোচন করা এবং আপনার চূড়ান্ত লক্ষ্য হয় ISRO তে চাকরি পাওয়া, তবে সেই স্বপ্নের বীজ কিন্তু বুনতে হবে এখন থেকেই। অনেকেই ভাবেন ইঞ্জিনিয়ারিং বা গ্র্যাজুয়েশনের পর হয়তো মহাকাশ বিজ্ঞান (Space Science) নিয়ে ভাবার সময় আসবে! ধারণাটি সম্পূর্ণ ভুল। ইসরোতে যাওয়ার এই স্বপ্নের উড়ান শুরু হয় মাধ্যমিকের গণ্ডি পেরোনোর পর থেকেই।

আরও পড়ুন: দিহিং পাটকাই -তে রঙিন ডানার চমক!
ভারতের মহাকাশ গবেষণায় (Space Research) আজ এক নতুন সূর্যোদয় হয়েছে। সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি স্পেস স্টার্টআপগুলোও রীতিমতো বিপ্লব ঘটিয়ে দিচ্ছে মহাকাশ প্রযুক্তিতে। এই বিশাল সম্ভাবনাময় দিগন্তে তরুণ প্রজন্মের জন্য মহাকাশ বিজ্ঞান বা ‘স্পেস সায়েন্স’ (Space Science)-এ কেরিয়ার গড়ার পথ এখন আগের চেয়ে অনেক বেশি মসৃণ। কীভাবে নিজেকে একজন সফল স্পেস সায়েন্টিস্ট হিসেবে প্রতিষ্ঠিত করবেন? চলুন জেনে নিই ধাপে ধাপে সাজানো সেই কেরিয়ার রোডম্যাপ।

প্রথম ধাপ: বিজ্ঞানকে ভালোবেসে স্বপ্নের উড়ান
মাধ্যমিকের গণ্ডি পেরনোর পরেই জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটি নিতে হয়। মহাকাশ নিয়ে পড়াশোনা করতে চাইলে উচ্চমাধ্যমিকে বিজ্ঞান বিভাগ (Science Stream) বেছে নেওয়াটা শুধু জরুরি নয়, বাধ্যতামূলক। পদার্থবিদ্যা (Physics), রসায়ন (Chemistry) এবং গণিত (Mathematics)—এই তিনটি বিষয়কে আপন করে নিতে হবে। রকেটের থ্রাস্ট থেকে শুরু করে স্যাটেলাইটের নিখুঁত কক্ষপথ নির্ধারণ—সবকিছুর মূলেই রয়েছে এই পিসিএম (PCM)-এর জটিল সব অঙ্ক আর পদার্থবিদ্যার সূত্র। তাই উচ্চমাধ্যমিকে এই বিষয়গুলোতে দুর্দান্ত ভিত তৈরি করাটা এই মহাকাশ অভিযানের প্রথম ও প্রধান শর্ত।

দ্বিতীয় ধাপ: কোথায় পড়বেন, কী পড়বেন?
উচ্চমাধ্যমিকের পর শুরু হয় আসল রোমাঞ্চ। আকাশছোঁয়া স্বপ্ন পূরণের জন্য আপনি ৪ বছর মেয়াদী B.Tech বা B.E. ইন স্পেস টেকনোলজি (Space Technology) বা স্পেস ইঞ্জিনিয়ারিং (Space Engineering) বেছে নিতে পারেন। এছাড়া ফিজিক্স বা ম্যাথমেটিক্স নিয়ে সাধারণ স্নাতক (B.Sc) করেও এই পথে হাঁটা যায়। দেশের শীর্ষস্থানীয় আইআইটি (IIT), বেঙ্গালুরুর আইআইএসসি (IISc) বা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ স্পেস সায়েন্স অ্যান্ড টেকনোলজির (IIST) মতো বিশ্বমানের প্রতিষ্ঠানে পড়ার সুযোগ পেলে আপনার স্বপ্ন বাস্তব হতে বাধ্য। স্নাতক স্তরের পর অ্যাস্ট্রোনমি, অ্যাস্ট্রোফিজিক্স, আর্থ সায়েন্স কিংবা সোলার সিস্টেম স্টাডিজের মতো রোমাঞ্চকর বিষয়গুলো নিয়ে স্নাতকোত্তর (PG) ও পিএইচডি (PhD) করলে আপনি হয়ে উঠতে পারেন একজন স্পেশালিস্ট স্পেস সায়েন্টিস্ট।

তৃতীয় ধাপ: সাফল্যের আকাশ এবং কাজের সুযোগ
কঠোর পরিশ্রম আর পড়াশোনার পর আপনার সামনে খুলে যাবে কাজের এক অনন্ত জগৎ। মহাকাশ গবেষণার (Space Research) ডিগ্রি শেষে ইসরো (ISRO), ডিআরডিও (DRDO), হ্যাল (HAL), এবং ন্যাশনাল অ্যারোনটিক্যাল লিমিটেড-এর মতো দেশের প্রথম সারির প্রতিষ্ঠানে স্পেস সায়েন্টিস্ট, অ্যাস্ট্রোনমার, অ্যাস্ট্রোফিজিসিস্ট, রোবোটিক ইঞ্জিনিয়ার বা স্যাটেলাইট টেকনিশিয়ান হিসেবে যোগ দেওয়ার সুবর্ণ সুযোগ অপেক্ষা করছে। শুধু তাই নয়, মহাকাশ ক্ষেত্রের বেসরকারি স্টার্টআপ এবং বিভিন্ন নামিদামি শিক্ষাপ্রতিষ্ঠানে গবেষণামূলক কাজ বা অধ্যাপনা করার সুযোগও এখন প্রবল।

ইসরো-র হাতছানি: স্কুল থেকেই বিজ্ঞানীর তালিম
তরুণ প্রতিভাদের তুলে আনতে ISRO সরাসরি ময়দানে নেমেছে। স্কুল পড়ুয়াদের বিজ্ঞানমুখী করতে তাদের ‘ইউভিকা’ (YUVIKA – Young Scientist Program) এবং ‘ISRO STEM Portal’-এর মতো যুগান্তকারী উদ্যোগগুলো আজ ভীষণ জনপ্রিয়। দেরাদুনের ‘ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ রিমোট সেন্সিং’ (IIRS)-এ ঘরে বসেই লাইভ ক্লাস ও ই-লার্নিংয়ের সুবিধা পাওয়া যায়। এখান থেকে ইন্টার্নশিপ করার পাশাপাশি সরাসরি বিজ্ঞানীদের সঙ্গে ভার্চুয়াল ক্লাসে অংশ নেওয়ার এক অনবদ্য সুযোগ পায় ছাত্রছাত্রীরা।
আরও পড়ুন: লাইট-ক্যামেরা-অ্যাকশন ছেড়ে কৃষিকাজে! কেন বলিউড ছাড়লেন ‘রাজ’ খ্যাত এই নায়িকা?
মহাকাশ গবেষণা (Space Research) আর কোনো ভিনগ্রহের সাবজেক্ট নয়, এটি এখন ভারতের বুকে সবচেয়ে সম্ভাবনাময় ও আকর্ষণীয় ক্যারিয়ার অপশন। মনের মধ্যে যদি অদম্য জেদ আর মহাকাশকে জানার তীব্র আকাঙ্ক্ষা থাকে, তবে আজই নিজের লক্ষ্য স্থির করুন। কে বলতে পারে, হয়তো আগামী দিনে ভারতের কোনো নতুন স্যাটেলাইট লঞ্চের কাউন্টডাউন বাটনটা আপনিই প্রেস করবেন!
