ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ পর্বের ম্যাচে সেনেগালকে ৩-১ গোলে হারাল ফ্রান্স। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধে গোলশূন্য থাকলেও দ্বিতীয়ার্ধে আক্রমণের ঝাঁঝ বাড়িয়ে জয় নিশ্চিত করে এমবাপের দল।
প্রথমার্ধে বরং সেনেগালই ছিল বেশি আক্রমণাত্মক। ২৫ মিনিটে নিকোলাস জ্যাকসনের শট পোস্টে লেগে ফিরে আসে। প্রথমার্ধের যোগ করা সময়ে ইসমাইলা সারও সহজ সুযোগ নষ্ট করেন। ফলে বিরতিতে ০-০ সমতা বজায় থাকে।

দ্বিতীয়ার্ধে বদলে যায় ম্যাচের চিত্র। ৬৬ মিনিটে মাইকেল অলিসের দুর্দান্ত পাস থেকে কিলিয়ান এমবাপে প্রথম স্পর্শেই গোল করে ফ্রান্সকে এগিয়ে দেন। মাত্র দুই মিনিট পর জ্যাকসন বল এগিয়ে দিলেও অফসাইডের কারণে গোল বাতিল হয়।৮২ মিনিটে বদলি হিসেবে নামার পরই ব্যবধান দ্বিগুণ করেন ব্র্যাডলি বারকোলা। স্কোর হয় ফ্রান্স ২- সেনেগাল ০। ম্যাচের ৯০+৫ মিনিটে বদলি খেলোয়াড় এমবায়ে গোল করে সেনেগালকে ম্যাচে ফেরানোর আশা জাগান।
তবে সেই আশা মাত্র এক মিনিট স্থায়ী হয়। ৯০+৬ মিনিটে দূরপাল্লার দুর্দান্ত শটে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল করেন এমবাপে। শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ফ্রান্স।



