আইপিএলে কোচিংয়ের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন যুবরাজ সিং। ২০২৭ মরশুম থেকে দিল্লি ক্যাপিটালসের সাপোর্ট স্টাফে যোগ দেবেন প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার। ফ্র্যাঞ্চাইজির তরফে এই খবর নিশ্চিত করা হয়েছে। উল্লেখ্য, আইপিএলে এটাই হবে যুবরাজের প্রথম আনুষ্ঠানিক কোচিং দায়িত্ব।

আগামী দুই বছরের জন্য দিল্লি ক্যাপিটালসের নিয়ন্ত্রণে ফিরছে জেএসডব্লিউ গ্রুপ। সেই সময় দলের সাপোর্ট স্টাফের নেতৃত্বে সৌরভ গঙ্গোপাধ্যায়ের থাকার সম্ভাবনা রয়েছে। ফলে ডাগআউটে ফের একসঙ্গে দেখা যেতে পারে প্রাক্তন দুই ভারতীয় তারকাকে।
আরও পড়ুন: সৌদির জয় হাতছাড়া, আরাউহোর গোলে রক্ষা উরুগুয়ের!
দীর্ঘদিন ধরেই তরুণ ক্রিকেটারদের নিয়ে কাজ করছেন যুবরাজ। অভিষেক শর্মার উত্থানে তাঁর অবদান বিশেষভাবে প্রশংসিত। এছাড়াও প্রভসিমরান সিং, আবদুল সামাদ, সঞ্জু স্যামসন, ঋষভ পন্থ এবং প্রিয়াংশ আর্যার মতো ক্রিকেটারদেরও পরামর্শ দিয়েছেন তিনি। যদিও এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক কোচিং সেটআপের অংশ ছিলেন না যুবরাজ।

তাঁর কাজের ওপর নজর ছিল একাধিক আইপিএল ফ্র্যাঞ্চাইজির। তরুণ ক্রিকেটারদের গড়ে তোলার ক্ষেত্রে তাঁর অভিজ্ঞতা ও হাতে-কলমে কাজ করার দক্ষতাকেই কাজে লাগাতে এবার যুবরাজকে দলে টানতে চলেছে দিল্লি ক্যাপিটালস।


