কলকাতার গ্ল্যামার দুনিয়ার এক নতুন ও অভিজাত কেন্দ্রবিন্দু এখন আনন্দপুরের ‘আর্বানা’(Urbana)। আকাশ ছোঁয়া এই বহুতল আবাসন এখন শুধু ইট-পাথরের এক ইমারত নয়, বরং টলিউডের প্রথম সারির তারকাদের এক বিলাসবহুল ‘চাঁদের হাট’।
টলিউডের প্রথম সারির অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়ের বাসস্থান হিসেবে বর্তমানে এই আবাসনের ব্যাপক পরিচিতি থাকলেও, আরবানার রাজকীয় অন্দরে কিন্তু বাস করেন বিনোদন জগতের আরও অনেক দিকপাল ব্যক্তিত্ব। তবে চলুন এক নজরে দেখে নেওয়া যাক, শহরের কোলাহল থেকে দূরে, আভিজাত্যের চাদরে মোড়া এই আবাসনে আর কোন কোন সেলেবদের সুখের সংসার।
আরও পড়ুন – বর্ষাকালে AC-এর কোন মোড ব্যবহার করা উচিত?

এই আবাসনের অন্যতম প্রধান আকর্ষণ হলেন টলিউডের সুপারস্টার তথা সাংসদ দেব। শোনা যায়, গোটা আর্বানা চত্বরের সবচেয়ে বিশাল ও রাজকীয় অ্যাপার্টমেন্টটি তাঁরই। সারাদিনের ব্যস্ত শিডিউল আর শুটিংয়ের ক্লান্তি শেষে কড়া নিরাপত্তার ঘেরাটোপে একটু নিরিবিলি সময় কাটাতে অভিনেতা-প্রযোজক দেব এই ঠিকানাকেই বেছে নিয়েছেন। ‘আর্বানা’-র আরও এক চর্চিত ও হাই-প্রোফাইল দম্পতি হলেন টলিউডের ‘পাওয়ার কাপল’ রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ছেলে ইউভান আর ছোট্ট মেয়ে ইয়ালিনিকে নিয়ে এই আবাসনেরই একটি আলিশান অ্যাপার্টমেন্টে তাঁদের সুখের সংসার। সোশ্যাল মিডিয়ায় প্রায়শই রাজ-শুভশ্রীর ফ্ল্যাটের নান্দনিক অন্দরমহল এবং বিশাল বারান্দার ঝলক দেখা যায়, যা মুহূর্তের মধ্যে নেটিজেনদের নজর কেড়ে নেয়।


অন্যদিকে, টলিপাড়ার অন্যতম চর্চিত এবং সুন্দরী অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ও আর্বানাবাসী। এখানকার আধুনিক জিম, সুইমিং পুল এবং পশ লাইফস্টাইল শ্রাবন্তীর দৈনন্দিন জীবনের অন্যতম অঙ্গ। নিজের সুন্দর বারান্দা থেকে খোলা আকাশের ছবি পোস্ট করে প্রায়ই অনুরাগীদের তাক লাগিয়ে দেন তিনি। কলকাতার চেনা ব্যস্ততার মাঝেও এক শান্ত ও নিভৃত পরিবেশের খোঁজে এখানেই নিজের মনের মতো রাজপ্রাসাদ সাজিয়েছেন অভিনেত্রী পায়েল সরকার। শুধু রূপালী পর্দার তারকারা নন, এই আবাসনে রয়েছে টলিউডের সৃজনশীল মনগুলিরও নিখুঁত মেলবন্ধন। জাতীয় পুরস্কার জয়ী পরিচালক দম্পতি কৌশিক গঙ্গোপাধ্যায় এবং চূর্ণী গঙ্গোপাধ্যায় বিনোদন জগতের গ্ল্যামার থেকে একটু দূরে, শান্ত ও সৃষ্টিশীল পরিবেশের খোঁজে এখানেই তৈরি করেছেন তাঁদের শান্তির নীড়। আবার পরিচালক-অভিনেতা অরিন্দম শীল সপরিবারে থাকেন এখানে। আবাসনের নানা সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানেও তাঁকে খোশমেজাজে মেতে উঠতে দেখা যায়। বাদ যাননি ছোট পর্দার জনপ্রিয় মুখ ত্রমিলা ভট্টাচার্যও। মেগা সিরিয়ালের টানা শ্যুটিংয়ের পর এই মনোরম পরিবেশেই তিনি খুঁজে পান রূপালী পর্দার বাইরের আসল ঘর।
আরও পড়ুন – যেতে হবে না বিদেশ, অচেনা ভারতেই পর্যটনের নতুন ঠিকানা!
আধুনিক জীবনযাত্রার সমস্ত সুযোগ-সুবিধা আর নিশ্ছিদ্র নিরাপত্তার এক অনন্য মেলবন্ধন এই আবাসন। আর তাই কলকাতার বুকেই টলিউডের সেলিব্রিটিদের লাইফস্টাইল স্টেটমেন্টের সেরা ডেস্টিনেশন হয়ে উঠেছে আনন্দপুরের এই বহুতল।



