বাচ্চাকে নিয়ে বাইরে বেরোচ্ছেন, রোদ ঝলমল করছে—তাই ব্যাগে সানস্ক্রিন (Sunscreen) ঢুকিয়ে নিলেন। ভাবলেন, ব্যস, এবার নিশ্চিন্ত! কিন্তু সত্যিই কি শিশুর ত্বকে যে কোনও সানস্ক্রিন মাখিয়ে দিলেই রোদের ক্ষতি থেকে তাকে বাঁচানো যায়? এখানেই কিন্তু রয়েছে আসল গোলমাল। বড়দের জন্য যে সানস্ক্রিন ঠিকঠাক কাজ করে, সেটাই শিশুর জন্য উপযুক্ত হবে—এমনটা একেবারেই ধরে নেওয়া যায় না। বিশেষ করে শিশুর বয়স যদি ছ’মাসের কম হয়, তাহলে বিষয়টি আরও গুরুত্ব দিয়ে দেখা দরকার।

দোকানে ঢুকলেই আবার দেখা যায়, ‘বেবি সানস্ক্রিন’, ‘মিনারেল সানস্ক্রিন’, ‘SPF’—এত অপশন যে কোনটা নেওয়া উচিত, সেটাই বোঝা কঠিন। আসলে ছোট্ট শিশুর ত্বক বড়দের তুলনায় অনেক বেশি সংবেদনশীল। তাই ছ’মাসের কম বয়সি শিশুকে রোদ থেকে বাঁচানোর প্রথম উপায় সানস্ক্রিন (Sunscreen) নয়, বরং রোদ এড়িয়ে চলা। সরাসরি সূর্যের আলোয় না রেখে ছায়ায় রাখা, ছাতা বা স্ট্রলারের ক্যানোপি ব্যবহার করা এবং শরীর ঢাকা আরামদায়ক পোশাক পরানো—এসবই বেশি গুরুত্বপূর্ণ। মাথায় এমন টুপিও পরানো যায়, যা মুখ, কান ও ঘাড়ে ছায়া তৈরি করে।

আরও পড়ুন – ওটসকে টেক্কা দেবে এই ইডলি!
এবার প্রশ্ন, ছ’মাস পেরিয়ে গেলে? তখন বাইরে বেরোনোর সময় শিশুর শরীরের যে অংশগুলি পোশাকে ঢাকা নেই, সেখানে সানস্ক্রিন ব্যবহার করা যেতে পারে। তবে বাজারে গিয়ে শুধু ‘Baby’ লেখা দেখেই বোতল তুলে নিলেই চলবে না। লেবেলটাও পড়তে হবে। ‘Broad spectrum’ লেখা রয়েছে কি না, সেটি দেখা জরুরি। কারণ এই ধরনের সানস্ক্রিন (Sunscreen) UVA এবং UVB—দুই ধরনের অতিবেগুনি রশ্মির বিরুদ্ধে সুরক্ষা দেওয়ার জন্য তৈরি হয়।

শিশুর ত্বক যদি খুব সংবেদনশীল হয়, তাহলে জিঙ্ক অক্সাইড বা টাইটানিয়াম ডাই-অক্সাইডের মতো মিনারেল ফিল্টারযুক্ত সানস্ক্রিন (Sunscreen) একটি বিকল্প হতে পারে। তবে এখানেও একটা কথা মনে রাখা দরকার—‘বেবি সানস্ক্রিন’ লেখা থাকলেই সেটি প্রত্যেক শিশুর জন্য সমানভাবে উপযুক্ত, এমন নিশ্চয়তা নেই। কোনও নতুন পণ্য ব্যবহারের আগে শিশুরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া ভালো, বিশেষ করে খুব ছোট শিশু বা ত্বক সংবেদনশীল হলে।
আর সানস্ক্রিন (Sunscreen) মাখিয়ে দেওয়ার পরেই দায়িত্ব শেষ—এমন ভাবারও কারণ নেই। বাইরে দীর্ঘ সময় থাকলে প্যাকেটের নির্দেশ অনুযায়ী আবার লাগাতে হয়। সাধারণভাবে প্রায় দু’ঘণ্টা অন্তর পুনরায় লাগানোর পরামর্শ দেওয়া হয়। সাঁতার কাটা বা বেশি ঘাম হলে আরও আগে লাগানোর প্রয়োজন হতে পারে। ‘Waterproof’ লেখা থাকলেও সেটিকে পুরোপুরি জলরোধী ধরে নেওয়া ঠিক নয়।
সবচেয়ে বড় ভুলটা হয় অন্য জায়গায়। অনেকেই ভাবেন, সানস্ক্রিন (Sunscreen) মাখিয়ে দিয়েছি, তাই এবার যতক্ষণ খুশি রোদে থাকা যায়। অথচ সানস্ক্রিন কখনও ছায়া, পোশাক বা টুপির বিকল্প নয়।
আরও পড়ুন – ৪০-এ অ্যান্টি-এজিং? যৌবন ধরে রাখতে গিয়ে বিপদ ডাকছেন না তো?

তাই আগে ভাবুন—শিশুর বয়স কত, কতক্ষণ বাইরে থাকবে এবং ত্বকের কোন অংশে সানস্ক্রিন (Sunscreen) ব্যবহার করবেন। কারণ শিশুর ক্ষেত্রে সানস্ক্রিন বাছাইয়ের প্রশ্নটা শুধু ‘কোনটা ভালো’ নয়, ‘কখন, কোথায় এবং আদৌ প্রয়োজন কি না’—সেটাও সমান গুরুত্বপূর্ণ।
