এক্ষুনি নতুন ফোন (Smartphone)কেনার কোনও পরিকল্পনাই নেই। পুরনো ফোনটাও দিব্যি চলছে। হঠাৎ একদিন হাত থেকে পড়ে গেল, কাচে চিড় ধরল। ব্যাস, এখানেই নতুন ফোন কেনার পরিকল্পনা । হ্যাঁ ঠিকই শুনছেন, ভাবতে অবাক লাগে ভারতে অনেকেই ৫জি (5G), কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) বা দ্রুতগতির প্রসেসর (Processor) এর জন্য নয়, বরং ফোনের ভাঙা কাঁচ রিপিয়ার করার বদলে নতুন ফোন কিনে নেওয়ার অপশন টাই বেছে নিচ্ছে। কিন্তু কেন এমন চিন্তাভাবনা ?

নতুন ফোন (Smartphone) কেনার কথা উঠলেই প্রথমে মাথায় আসে নতুন ক্যামেরা, দ্রুত প্রসেসর (Processor), ৫জি (5G) কিংবা কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)। কিন্তু না , কর্নিং (Corning)-এর একটি সমীক্ষায় উঠে এসেছে অন্যরকম চমকপ্রদ তথ্য। ভারতের এই সমীক্ষাটি ২০২৫ সালের নভেম্বর ও ডিসেম্বর মাসে করা হয়েছিল। সমীক্ষার ফল প্রকাশ করা হয় ২০২৬ সালের জুলাইয়ে। বয়স, অঞ্চল, অপারেটিং সিস্টেম , ফোনের দাম এবং ব্যবহারের ধরন—বিভিন্ন শ্রেণির ব্যবহারকারীকে সমীক্ষায় রাখা হয়েছিল।

সমীক্ষায় ১,৫০৯ জন ভারতীয় স্মার্টফোন (Smartphone) ব্যবহারকারীর মতামত নেওয়া হয়েছিল। তাঁদের মধ্যে ৫৩ শতাংশ জানিয়েছেন, যে ফোনটি হয়তো আরও কিছুদিন অনায়াসে চালানো যেত, শুধু ফোনের কভার গ্লাস (Cover Glass) ভেঙে যাওয়ার কারণে সেটা বাদ দিয়ে পরিকল্পনার আগেই নতুন ফোন কিনতে হয়েছে।
বিষয়টি আরও পরিষ্কার হয় ফোন (Smartphone) পড়ে যাওয়ার পরিসংখ্যানে। সমীক্ষায় ৮৭ শতাংশ মানুষ জানিয়েছেন, গত এক বছরে অন্তত একবার তাঁদের ফোন হাত থেকে পড়েছে। আবার ৫৬ শতাংশ ব্যবহারকারী বলেছেন, ফোন পড়ে গিয়ে কাচের স্থায়িত্ব নিয়ে তাঁদের উদ্বেগ তৈরি হয়েছে।
আরও পড়ুন – ৫০ হাজারে Alto K10, মাসে EMI কত?
ভাঙা স্ক্রিনে বাড়ছে বদলের সিদ্ধান্ত
কাচ ভাঙার পর মেরামতের খরচও বড় কারণ হয়ে উঠছে। সমীক্ষা অনুযায়ী, ফোন (Smartphone) পড়ে কভার গ্লাস ভেঙে গেলে প্রতি পাঁচজনের মধ্যে একজনের ফোনে পেশাদার মেরামতি (Professional Repair) বা বদলের প্রয়োজন হয়েছে। প্রায় অর্ধেক ব্যবহারকারী জানিয়েছেন, ফোন মেরামতে তাঁদের ২,০০০ টাকার বেশি খরচ হয়েছে। ফলে অনেকের কাছে পুরনো ফোন সারানোর বদলে নতুন ফোন নেওয়াই সহজ সিদ্ধান্ত হয়ে দাঁড়াচ্ছে।
এখানে আরও একটি মজার বিষয় রয়েছে। শুধু দামি ফোন (Smartphone) ব্যবহারকারীরাই যে এমন সিদ্ধান্ত নিচ্ছেন, তা নয়। প্রিমিয়াম (Premium) ফোন ব্যবহারকারীদের ৬১ শতাংশ জানিয়েছেন, কাচ ভেঙে গেলে তাঁরা ফোন বদলাতে পারেন। বাজেট (Budget) ফোন ব্যবহারকারীদের মধ্যেও ৪২ শতাংশ একই কথা বলেছেন।
ফোন কেনার সময় স্থায়িত্ব গুরুত্বপূর্ণ

ফোন (Smartphone) কেনার সময়ও বদলাচ্ছে মানুষের পছন্দ। ৬১ শতাংশ ভারতীয় জানিয়েছেন, ফোনের স্থায়িত্ব নিয়ে সংস্থার দাবি তাঁদের কেনার সিদ্ধান্তে প্রভাব ফেলে। ৫২ শতাংশের কাছে পড়ে গেলেও কাচ সুরক্ষিত থাকা গুরুত্বপূর্ণ, আর ৪৮ শতাংশ গুরুত্ব দিয়েছেন আঁচড় প্রতিরোধে (Scratch Resistance)।
শুধু কাচ নয়, ব্যাটারি ও ফোনের সামগ্রিক স্থায়িত্বকেও গুরুত্ব দিচ্ছেন ব্যবহারকারীরা। ৬৩ শতাংশ উত্তরদাতার কাছে ব্যাটারি লাইফ এবং ফোনের সামগ্রিক স্থায়িত্ব গুরুত্বপূর্ণ। ডিসপ্লের স্বচ্ছতা (Display Clarity) পছন্দ করেছেন ৫৮ শতাংশ, আর ৫৩ শতাংশ গুরুত্ব দিয়েছেন ক্যামেরা লেন্সের স্থায়িত্বকে।
শক্ত ফোনের জন্য বেশি দামেও রাজি
সবচেয়ে নজরকাড়া তথ্য সম্ভবত শেষেই। সমীক্ষায় ৭৪ শতাংশ মানুষ জানিয়েছেন, ফোনের (Smartphone) কভার-ম্যাটেরিয়াল (Cover Material) আরও উন্নত ও টেকসই হলে তার জন্য বেশি দাম দিতেও তাঁরা রাজি। এর মধ্যে বেশি স্থায়িত্ব এবং উন্নত অপটিক্যাল পারফরম্যান্স (Optical Performance)-এর মতো বিষয় রয়েছে।
আরও পড়ুন – স্কিনকেয়ারে ম্যাজিক না বিপদ? ব্যবহারের আগে জেনে নিন ‘২৪ ক্যারাট’ সোনার আসল সত্যি!
তবে কর্নিং স্পষ্ট করেছে, এই সমীক্ষা মূলত বিভিন্ন শহরের ব্যবহারকারীদের নিয়ে করা হয়েছে। তাই গ্রামীণ ভারতের ব্যবহারকারীদের ক্ষেত্রেও একই ছবি—এমন সিদ্ধান্ত এই সমীক্ষা থেকে করা যায় না। তবু একটা বিষয় বেশ পরিষ্কার—নতুন ফোন (Smartphone) কেনার গল্পটা শুধু নতুন প্রযুক্তির নয়। কখনও কখনও একটি পড়ে যাওয়া ফোন, আর তার ভেঙে যাওয়া কাচই পুরো হিসাবটা বদলে দিচ্ছে।



