বিশ্বকাপ জয়ই একমাত্র লক্ষ্য, ভবিষ্যৎ নিয়ে এখন ভাবছেন না পর্তুগাল কোচ রবার্তো মার্টিনেজ। গ্রুপ ‘কে’-এর প্রথম ম্যাচে বুধবার হিউস্টনে ডিআর কঙ্গোর মুখোমুখি হবে পর্তুগাল।
তবে চোটের কারণে এই ম্যাচে খেলতে পারবেন না দলের অন্যতম ভরসাযোগ্য ডিফেন্ডার রুবেন দিয়াস। ঝুঁকি এড়িয়ে পুরোপুরি সুস্থ হওয়ার পরই তাঁকে মাঠে নামানোর সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট।

অন্যদিকে রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ খেলতে নামছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তাঁর নিষ্ঠা, পরিশ্রম ও নেতৃত্বের প্রশংসা করেছেন মার্টিনেজ। পর্তুগাল কোচের মতে, দলের জন্য রোনাল্ডো এখনও অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী ফুটবলার।ফেভারিট হিসেবে মাঠে নামলেও ডিআর কঙ্গোকে একেবারেই হালকাভাবে নিতে নারাজ পর্তুগাল শিবির। কঙ্গোর শারীরিক সক্ষমতা ও দ্রুত পাল্টা আক্রমণের ক্ষমতা নিয়ে সতর্ক করেছেন মার্টিনেজ। স্পেনের বিরুদ্ধে কেপ ভার্দের ড্রয়ের উদাহরণ টেনে তিনি বলেন, বিশ্বকাপে কোনও ম্যাচই সহজ নয়।
এদিকে অধিনায়ক ব্রুনো ফার্নান্দেস জানিয়েছেন, প্রয়াত সতীর্থ ডিয়োগো জোটার স্মৃতি নিয়েই বিশ্বকাপ অভিযান শুরু করবে দল। তাঁর কথায়, জোটা আজও পর্তুগাল দলের পরিবারের অবিচ্ছেদ্য সদস্য। বুধবার হিউস্টনে কঙ্গোর বিরুদ্ধে ম্যাচ দিয়েই বিশ্বকাপ শিরোপা জেতার স্বপ্নপূরণের যাত্রা শুরু করবে পর্তুগাল।



