Homeরাজ্যRathayatra: পুরীর রথের ঐতিহ্য, এবার মিলবে বাংলাতেই!

Rathayatra: পুরীর রথের ঐতিহ্য, এবার মিলবে বাংলাতেই!

- Advertisement -spot_img

আজ ১৬ জুলাই, পবিত্র রথযাত্রা (Rathayatra)। আষাঢ়ের মেঘলা আকাশ, বাতাসে জিলিপি আর পাঁপড় ভাজার গন্ধ, আর চারদিকে কাঁসর-ঘণ্টার ধ্বনি—

রথ বলতেই বাঙালির মন সবার আগে ছুটে যায় পুরীর (Puri) শ্রীক্ষেত্র বা হুগলির মাহেশে (Mahesh)। কিন্তু জানেন কি, খাস কলকাতার বুকেও লুকিয়ে রয়েছে কয়েক শতাব্দীর প্রাচীন রথযাত্রার এক সমৃদ্ধ ইতিহাস? পুরীর টিকিট না পেলেও মন খারাপের কিছু নেই। আজকের দিনে কলকাতার উত্তর থেকে দক্ষিণের সাবেকি রথ আর জমজমাট মেলাগুলো আপনার উৎসবের আনন্দকে কানায় কানায় ভরিয়ে দিতে পারে।

আরও পড়ুন – Jagannath Dev : জগন্নাথদেবের প্রিয় পদের সহজ ও চটজলদি রেসিপি!

দক্ষিণ থেকে উত্তর: বনেদি বাড়ির সাবেকি রথ

কলকাতার(Kolkata) রথযাত্রার (Rathayatra) শেকড় খুঁজতে গেলে পিছিয়ে যেতে হবে ১৭১৯ সালে। বড়িশার সাবর্ণ রায়চৌধুরী পরিবারই প্রথম কলকাতার বুকে রথযাত্রার সূচনা করেছিল। আজও পুরনো ঐতিহ্য মেনে বড়িশা থেকে বেহালায় (Behala) মাসির বাড়িতে যায় সাবর্ণদের রথ।

দক্ষিণ পেরিয়ে সোজা চলে আসুন উত্তর কলকাতায়। শোভাবাজার রাজবাড়ির রথযাত্রার জৌলুস আজও চোখে পড়ার মতো। এখানে নারায়ণ শিলাকে ঐতিহ্যবাহী রথে বসিয়ে টানা হয়। সবচেয়ে চমকপ্রদ বিষয় হল, ঠিক উল্টোরথের দিনই এই বাড়িতে কাঠামো পুজোর মধ্যে দিয়ে শুরু হয়ে যায় দুর্গাপুজোর প্রস্তুতি।

অন্যদিকে, উত্তর কলকাতার ঐতিহ্যবাহী মল্লিক বাড়ির (মার্বেল প্যালেস) রথের আভিজাত্য আজও অমলিন। একসময় সেখানে বিশাল রথের মেলা বসলেও, বর্তমানে পারিবারিক গণ্ডিতেই পূজিত হন জগন্নাথ। মল্লিক বাড়ির ২০০ বছরের পুরনো ভোগ-তালিকা রীতিমতো চমকপ্রদ— এতে থাকে ৯ রকম খিচুড়ি এবং ৫ রকম ভাজা!

পিছিয়ে নেই লাহা বাড়ির রথও। প্রায় ৮০ বছরের পুরনো সাবেকি এই বাড়ির ঠাকুরদালানের প্রাঙ্গণে আজও নিষ্ঠার সাথে আরাধনা করা হয় জগন্নাথদেবের। লাহা বাড়িতে রথের দিন লুচি, আলুর দম ও রকমারি ভাজার বিশেষ চল রয়েছে। পারিবারিক নিয়মনিষ্ঠা আর সাবেক পুজো পদ্ধতিতে এই বনেদি বাড়িগুলোর রথযাত্রা কলকাতার এক জীবন্ত ইতিহাস।

আজকের বিশেষ আকর্ষণ: ইসকনের রাজকীয় রথ

সাবেকিয়ানার পাশাপাশি কলকাতার রথযাত্রার অন্যতম মেগা আকর্ষণ হলো ইসকনের (ISKCON) রথযাত্রা। ১৯৭২ সালে শুরু হওয়া এই রথযাত্রা ২০২৬ সালে ৫৫তম বর্ষে পদার্পণ করল। আজ দুপুর ১২টায় মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের ‘ছেঁড়া পহরা’ এবং আরতির মাধ্যমে সূচনা হবে এই রথযাত্রার। অ্যালবার্ট রোড থেকে শুরু হয়ে হাঙ্গারফোর্ড স্ট্রিট, হাজরা, এক্সাইড মোড় হয়ে এই সুবিশাল রাজকীয় রথ তিনটি রথ পৌঁছাবে আউটরাম ঘাটের কাছে ব্রিগেড ময়দানে তৈরি অস্থায়ী ‘গুন্ডিচা মন্দিরে’। আশ্চর্যের বিষয় হলো, এই মাসির বাড়ি বা গুন্ডিচা মন্দিরটি তৈরি হয়েছে হুবহু তিরুপতি মন্দিরের আদলে।

রথের আনন্দ-পরিকল্পনা

রথযাত্রা অসম্পূর্ণ থেকে যায় মেলা ছাড়া। আজকের দিনটা দারুণভাবে কাটাতে বিকেলে পরিবারকে নিয়ে সোজা চলে যেতে পারেন ব্রিগেডের মেলায়। আজ বিকেল থেকে ব্রিগেড ময়দানের ইসকন মেলা প্রাঙ্গণে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত হবে মূল প্যান্ডেল। সন্ধ্যায় থাকবে বিশেষ আরতি ও মহাপ্রসাদ বিতরণ। আগামীকাল থেকে ব্রিগেডের মেলা প্রাঙ্গণে পুরোদমে শুরু হচ্ছে ইসকনের ৮ দিন ব্যাপী রথের মেলা ও আন্তর্জাতিক সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রতিদিন দুপুর থেকে রাত পর্যন্ত চলবে ভক্তিগীতি, শাস্ত্রীয় নৃত্য এবং জগন্নাথ লীলা নিয়ে বিশেষ নাট্যানুষ্ঠান। সেখানে দর্শকদের জন্য থাকছে ৫৬ ভোগ এবং তিরুপতির বিশেষ প্রসাদ। প্রতিদিন দেশ-বিদেশের হাজার হাজার ভক্তের উপস্থিতিতে অনুষ্ঠিত হবে বিশেষ ভজন, কীর্তন এবং সেমিনার।

আরও পড়ুন –COCONUT : বর্ষায় নারকেল খাওয়ার আগে এই তথ্যগুলো জানা জরুরি!

আজকের এই পুণ্য তিথিতে রথের দড়িতে একটা টান আর গরম জিলিপির কামড়— ব্যস, বাঙালির বর্ষার বিকেল জমজমাট! তাই আজ আর বাড়িতে বসে থাকা নয়। সপরিবারে বেরিয়ে পড়ুন, সামিল হন কলকাতার নিজস্ব সাবেকি রথযাত্রার আনন্দে, প্রাণ ভরে উপভোগ করুন এই শহরের চিরকালীন ঐতিহ্যকে। কলকাতার অলিতে-গলিতে আজ ছোটদের সাজানো রথ আর ‘জয় জগন্নাথ’ ধ্বনি আপনাকে মনে করিয়ে দেবে— ভক্তি আর আনন্দ আসলে মনের উপাচার, তার জন্য পুরী যাওয়ার প্রয়োজন পড়ে না!

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
f
2,479
Facebook Followers
Follow
Must Read
Related News
spot_img