স্বাধীনতা দিবসের সকালে দেব-শুভশ্রী অনুরাগীদের জন্য এল বড়সড় চমক Desu 7। প্রকাশ্যে এল দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায় জুটির বহুল প্রতীক্ষিত ছবি ‘দেশু ৭’ (DeSu7)-এর নতুন পোস্টার। পোস্টার প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় তা কার্যত ভাইরাল। একসময় টলিউডের অন্যতম চর্চিত অনস্ক্রিন-অফস্ক্রিন জুটি দেব-শুভশ্রীর নতুন অবতার ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে জোরদার আলোচনা।
পোস্টারে লাদাখের পাহাড়ি প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে ক্রুজার বাইকে দেখা গিয়েছে দেব ও শুভশ্রীকে । একে অপরকে গভীর আলিঙ্গনে আবদ্ধ এই জুটির রোম্যান্টিক মুহূর্ত যেন ফিরিয়ে আনছে তাঁদের পুরনো দিনের জনপ্রিয় জুটির স্মৃতি। শুভশ্রীর পরনে থাই-স্লিট গাউন ও লেদার জ্যাকেট, আর জিনসে দেবের লুকও নজর কেড়েছে দর্শকদের।
পোস্টারটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে শুভশ্রী লিখেছেন, ‘যতই আসুক না বাধা, তোমায়-আমায় করা যাবে না আলাদা।’এরপরই তিনি ইঙ্গিত দিয়েছেন রোম্যান্সের পাশাপাশি ছবিতে থাকছে অ্যাকশনের ঝাঁঝও (DeSu7)। তাঁর কথায়, তাঁদের চোখে ভালোবাসা, শিরায় আগুন—অর্থাৎ নতুন অধ্যায়ে রোম্যান্স ও অ্যাকশনের মিশেল দেখতে চলেছেন দর্শক।
আরও পড়ুন – ১৫ আগস্টে কেমন ছিল ভারতের মানচিত্র?

কিছুদিন আগেই লাদাখে ছবির একটি গানের শ্যুটিং সেরেছেন দেব ও শুভশ্রী। কলকাতায় ফেরার পর বিমানবন্দরে তাঁদের ‘গুডবাই হাগ’ নিয়েও কম আলোচনা হয়নি। নতুন পোস্টারে সেই রসায়নেরই প্রতিফলন দেখা গিয়েছে। পোস্টার প্রকাশের পর থেকেই কমেন্ট বক্সে ভক্তদের উচ্ছ্বাস চোখে পড়ার মতো। দেব-শুভশ্রীর পাশাপাশি রুক্মিণী মৈত্র ও রাজ চক্রবর্তীকে নিয়েও মজার মন্তব্য করেছেন অনেকে। একই সঙ্গে দেব-শুভশ্রীকে ফের একসঙ্গে কাজ করার সুযোগ করে দেওয়ার জন্য তাঁদের পেশাদারিত্বের প্রশংসাও করেছেন নেটিজেনদের একাংশ।
প্রসঙ্গত, দেব-শুভশ্রী জুটির ‘ধূমকেতু’গত বছর মুক্তি পেলেও ছবিটির শ্যুটিং হয়েছিল ২০১৫ সালে। ফলে প্রায় ১১ বছর পর নতুন ছবিতে ফের একসঙ্গে দেখা যাচ্ছে এই প্রাক্তন প্রেমিক যুগলকে। তাঁদের পর্দার রসায়ন যে এখনও দর্শকদের মনে সমানভাবে জায়গা করে রয়েছে, নতুন পোস্টারের উন্মাদনাই তার প্রমাণ।

‘দেশু ৭’ ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন দেব নিজেই। এই ছবির হাত ধরেই পরিচালক হিসেবে তাঁর আত্মপ্রকাশ হতে চলেছে। ছবিটি প্রযোজনা করছে দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স, গুরুপদ অধিকারী ও দেব অধিকারীর উদ্যোগে। সহযোগী প্রযোজনা সংস্থা হিসেবে থাকছে এসএসআর সিনেমাস।
আরও পড়ুন – যে গান ছিল কিশোর কুমারের কেরিয়ারের টার্নিং পয়েন্ট!
পুজোর মরসুমে আগামী ১৬ অক্টোবর ২০২৬ প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ‘দেশু ৭’ (DeSu7)-এর। ফলে ইতিমধ্যেই ছবিটিকে ঘিরে প্রত্যাশা তুঙ্গে। একদিকে দেব-শুভশ্রীর বহু প্রতীক্ষিত রিইউনিয়ন, অন্যদিকে দেবের পরিচালনায় নতুন অধ্যায়—সব মিলিয়ে পুজোর বক্স অফিসে ‘দেশু ৭’ (DeSu7) যে অন্যতম আকর্ষণ হতে চলেছে, নতুন পোস্টার যেন তারই ইঙ্গিত দিচ্ছে।



