পাঞ্জাবে মর্মান্তিক পথদুর্ঘটনা। শনিবার পাঞ্জাবের ফিরোজপুর-ফাজিলকা সড়কে ভয়াবহ পথদুর্ঘটনায় অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ১২ জন।
শনিবার ভোরে একটি পিকআপ ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এই মর্মান্তিক ঘটনা ঘটে। মৃত ও আহতদের অধিকাংশই একই পরিবারের সদস্য বা আত্মীয় বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে খবর, ফাজিলকা জেলার জলালাবাদের রেলওয়ে কলোনির বাসিন্দারা এক আত্মীয়ের অস্থি বিসর্জন দিতে বিয়াসে যাচ্ছিলেন। শনিবার ভোর প্রায় সাড়ে ৫টা নাগাদ ফিরোজপুর থেকে প্রায় ১৮ কিলোমিটার দূরে জাঙ্গা ওয়ালা গ্রামের কাছে তাঁদের পিকআপ ভ্যানটির সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষ হয়।

দুর্ঘটনার অভিঘাত এতটাই প্রবল ছিল যে, যাত্রীবোঝাই পিকআপ ভ্যানটির সামনের অংশ সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায়। ভ্যানে প্রায় ২৫ জন যাত্রী ছিলেন, যার মধ্যে মহিলা ও শিশুরাও ছিলেন। বহু যাত্রী ভ্যানের ধ্বংসস্তূপের মধ্যে আটকে পড়েন। স্থানীয় বাসিন্দা ও পথচলতি মানুষজন দ্রুত উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়েন। পরে পুলিশ ও জরুরি পরিষেবার কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ফিরোজপুর সিভিল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কয়েকজনের মৃত্যু হয়। ফিরোজপুরের জেলা শাসক দীপশিখা শর্মা জানিয়েছেন, এখনও পর্যন্ত ৯ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। গুরুতর আহতদের মধ্যে ৯ জনকে ফরিদকোটের গুরু গোবিন্দ সিং মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। তাঁদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক এবং তাঁরা নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন। ফিরোজপুরের মহকুমা শাসক অভিষেক শর্মা জেলা হাসপাতালে চিকিৎসা ও ত্রাণ কার্যক্রমের তদারকি করছেন। জেলা প্রশাসন এবং রেড ক্রস সোসাইটির পক্ষ থেকে আহত ও মৃতদের পরিবারকে সবরকম সহায়তা দেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ক্ষতিপূরণ পাওয়ার যোগ্য মামলাগুলিও খতিয়ে দেখা হচ্ছে।
আরে পড়ুন – সোনাক্ষী সিনহা কুয়েত কনস্যুলেটকে মাসে ১৬ লক্ষ টাকায় মুম্বাইয়ের অ্যাপার্টমেন্ট ভাড়া দিয়েছেন
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পর ট্রাকচালক ঘটনাস্থল থেকে পালিয়ে গিয়েছে। তাঁর খোঁজে তল্লাশি শুরু হয়েছে। ফিরোজপুরের সিনিয়র সুপারিন্টেনডেন্ট অব পুলিশ ভূপিন্দর সিং সিধু জানিয়েছেন, ঘটনায় ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে এবং দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। এই দুর্ঘটনার পর ফের প্রশ্নের মুখে পড়েছে ফিরোজপুর-ফাজিলকা সড়কের পরিকাঠামো। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই এই সড়কটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে এবং প্রায়ই প্রাণঘাতী দুর্ঘটনা ঘটে। প্রাক্তন কংগ্রেস বিধায়ক রমিন্দর আওলা অবিলম্বে এই সড়ক প্রশস্ত করার দাবি জানিয়েছেন। তাঁর মতে, প্রশাসনের উদাসীনতার কারণেই বারবার এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটছে।


