স্তন ক্যানসারকে সাধারণত নারীদের রোগ বলেই মনে করা হয়। কিন্তু সেই ধারণাকে ভেঙে দিয়ে নিজের অসুস্থতার কথা প্রকাশ্যে আনলেন হলিউড অভিনেতা ও প্রাক্তন পেশাদার রেসলার টাইলার মেনে। ৫৯ বছর বয়সি এই অভিনেতা জানিয়েছেন, তিনি স্তন ক্যানসারে আক্রান্ত এবং বর্তমানে তাঁর কেমোথেরাপি চলছে।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্টে নিজের ক্যানসার আক্রান্ত হওয়ার খবর জানান টাইলার। একইসঙ্গে তিনি পুরুষদের মধ্যে স্তন ক্যানসার সম্পর্কে সচেতনতা বাড়ানোরও আহ্বান জানিয়েছেন।
ইনস্টাগ্রামে অভিনেতা লেখেন, “হ্যাঁ, আমার স্তন ক্যানসার হয়েছে। আর হ্যাঁ, এটি খুবই বিরল। সমস্ত স্তন ক্যানসার রোগীর মধ্যে মাত্র ১ শতাংশ পুরুষ।” তিনি জানান, প্রথমদিকে বিষয়টি প্রকাশ্যে আনতে দ্বিধা ছিল তাঁর। কারণ একজন পুরুষ হিসেবে স্তন ক্যানসারে আক্রান্ত হওয়ার বিষয়টি নিয়ে অস্বস্তি কাজ করছিল।
টাইলারের কথায়, সমাজে এই রোগ নিয়ে সচেতনতার অভাব রয়েছে। ফলে অনেক পুরুষই লক্ষণ দেখা দিলেও গুরুত্ব দেন না বা চিকিৎসকের কাছে যেতে দেরি করেন। এমনকি তাঁর ক্ষেত্রেও প্রথমে চিকিৎসকরা বিষয়টিকে তেমন গুরুত্ব দেননি বলে দাবি করেছেন অভিনেতা।
তিনি জানান, তাঁর স্ত্রীর জোরাজুরিতেই স্তনে থাকা একটি গাঁট অপসারণ করা হয়। পরে পরীক্ষার মাধ্যমে জানা যায়, সেটি ক্যানসার। সময়মতো রোগ ধরা পড়ায় দ্রুত চিকিৎসা শুরু করা সম্ভব হয়েছে।
অভিনেতা বলেন, “এই রোগ যদি প্রাথমিক পর্যায়ে ধরা পড়ে, তাহলে চিকিৎসার মাধ্যমে অনেকটাই নিয়ন্ত্রণে রাখা যায়। তাই শরীরে কোনও অস্বাভাবিক পরিবর্তন দেখা দিলে তা অবহেলা করা উচিত নয়।”
চিকিৎসকদের মতে, পুরুষদের স্তন ক্যানসার বিরল হলেও তা অসম্ভব নয়। পুরুষদের স্তনের টিস্যুতেও অস্বাভাবিক কোষের বৃদ্ধি থেকে টিউমার তৈরি হতে পারে। স্তনে গাঁট, ত্বকের পরিবর্তন, ব্যথা বা নিপল থেকে অস্বাভাবিক স্রাবের মতো উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন।
টাইলার মেনের এই খোলামেলা স্বীকারোক্তি নতুন করে আলোচনায় এনেছে পুরুষদের স্তন ক্যানসারের বিষয়টি। চিকিৎসকরা মনে করছেন, তাঁর এই পদক্ষেপ অনেক মানুষকে সচেতন হতে এবং প্রয়োজনীয় সময়ে চিকিৎসা নিতে উৎসাহিত করবে।


