Homeআন্তর্জাতিকস্লোভাকিয়ার সর্বোচ্চ সম্মানে ভূষিত নরেন্দ্র মোদী, আন্তর্জাতিক স্বীকৃতির সংখ্যা বেড়ে ৩৩

স্লোভাকিয়ার সর্বোচ্চ সম্মানে ভূষিত নরেন্দ্র মোদী, আন্তর্জাতিক স্বীকৃতির সংখ্যা বেড়ে ৩৩

- Advertisement -spot_img

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিদেশ সফর মানেই আন্তর্জাতিক মঞ্চে বিশেষ সম্মান—এমন ধারণা আরও একবার সত্য প্রমাণিত হল স্লোভাকিয়া সফরে। ব্রাতিস্লাভায় দেশটির সর্বোচ্চ বেসামরিক সম্মান ‘অর্ডার অফ দ্য হোয়াইট ডাবল ক্রস (ফার্স্ট ক্লাস)’-এ ভূষিত করা হল প্রধানমন্ত্রী মোদীকে। এর ফলে বিদেশি রাষ্ট্রগুলির কাছ থেকে পাওয়া তাঁর আন্তর্জাতিক সম্মানের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৩-এ।

আরও পড়ুন – সৌদির জয় হাতছাড়া, আরাউহোর গোলে রক্ষা উরুগুয়ের!

স্লোভাকিয়ার ঐতিহ্যবাহী রীতি অনুযায়ী রুটি ও লবণ দিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানানো হয়। পরে স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর হাত থেকে দেশের সর্বোচ্চ সম্মান গ্রহণ করেন মোদী। সম্মান পাওয়ার পর সামাজিক মাধ্যমে তিনি কৃতজ্ঞতা জানিয়ে লেখেন, এই স্বীকৃতি শুধু তাঁর ব্যক্তিগত নয়, ভারতের ১৪০ কোটি মানুষের সম্মান। পাশাপাশি ভারত-স্লোভাকিয়া বন্ধুত্বের প্রতি এই পুরস্কার উৎসর্গ করেন তিনি।

সোমবার ব্রাতিস্লাভায় মোদী ও ফিকোর মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকে সন্ত্রাস দমন, প্রতিরক্ষা সহযোগিতা, প্রযুক্তিগত উন্নয়ন, দক্ষ কর্মী বিনিময় এবং বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে মোট ১১টি সমঝোতা স্মারক (মউ) স্বাক্ষরিত হয়েছে।
বিদেশ মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, সন্ত্রাসবিরোধী কার্যক্রমে সমন্বয় বাড়াতে যৌথ কমিটি গঠন করবে ভারত ও স্লোভাকিয়া। পাশাপাশি কনস্যুলার পরিষেবা সংক্রান্ত সমস্যা দ্রুত সমাধানের জন্য চালু হবে বিশেষ সংলাপ ব্যবস্থা। দক্ষ কর্মীদের যাতায়াত সহজ করতে শ্রম অভিবাসন সংক্রান্ত চুক্তিও হয়েছে।

আরও পড়ুন – AI-এর যুগে কর্মহীন পৃথিবী: সুখের স্বর্গ নাকি এক মানসিক কারাগার?

প্রতিরক্ষা ক্ষেত্রে যৌথ গবেষণা, উৎপাদন ও শিল্প সহযোগিতা বাড়ানোর বিষয়ে সম্মত হয়েছে দুই দেশ। এছাড়াও ডিজিটাল প্রযুক্তি, উচ্চশিক্ষা, গবেষণা এবং অডিও-ভিজ্যুয়াল ক্ষেত্রেও একাধিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। স্লোভাকিয়ার টেকনিক্যাল ইউনিভার্সিটি অফ কোশিচেতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে প্রথম আইসিসিআর চেয়ার চালুর ঘোষণাও করা হয়েছে।
উল্লেখ্য, ২০১৬ সালে সৌদি আরবের সর্বোচ্চ নাগরিক সম্মান ‘কিং আব্দুল আজিজ স্যাশ’ পাওয়ার মাধ্যমে মোদীর আন্তর্জাতিক সম্মান প্রাপ্তির সূচনা হয়। এরপর সংযুক্ত আরব আমিরশাহির ‘অর্ডার অফ জায়েদ’, রাশিয়ার ‘অর্ডার অফ সেন্ট অ্যান্ড্রু দ্য অ্যাপোসল’, ফ্রান্সের ‘গ্র্যান্ড ক্রস অফ দ্য লিজিয়ন অফ অনার’, মার্কিন যুক্তরাষ্ট্রের ‘লিজিয়ন অফ মেরিট’-সহ বিশ্বের বিভিন্ন দেশের সর্বোচ্চ সম্মানে ভূষিত হয়েছেন তিনি। স্লোভাকিয়ার এই সম্মান সেই তালিকায় নতুন সংযোজন।

প্রধানমন্ত্রী হিসেবে টানা ১২ বছর দায়িত্ব পালনের পর আন্তর্জাতিক কূটনীতির মঞ্চে মোদীর এই নতুন স্বীকৃতি ভারত-স্লোভাকিয়া সম্পর্ককে আরও দৃঢ় করবে বলেই মনে করছে কূটনৈতিক মহল।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
f
2,479
Facebook Followers
Follow
Must Read
Related News
spot_img