দীর্ঘ সেন্সর জটিলতার পর অবশেষে মুক্তির পথে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তথা অভিনেতা বিজয়ের বহু প্রতীক্ষিত ছবি ‘জনা নায়াগান’। সূত্রের খবর, কেন্দ্রীয় চলচ্চিত্র শংসাপত্র বোর্ড (CBFC) ছবিটিকে নির্দিষ্ট কিছু দৃশ্যে কাটছাঁটের শর্তে ‘এ’ (A) সার্টিফিকেট দিয়েছে। আগামী সপ্তাহে ছবির চূড়ান্ত সেন্সর শংসাপত্র হাতে পাওয়ার পরই মুক্তির দিন আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে বলে জানা গিয়েছে। প্রযোজনা সংস্থা আপাতত ২৪ জুলাই অথবা ৩১ জুলাই ছবিটি মুক্তির পরিকল্পনা করছে।
আরো পড়ুন- ৩৫ বছর বয়সে AIDS-এ আক্রান্ত হয়ে মৃত্যু অভিনেত্রীর
গত মে মাসেই সিবিএফসি-র রিভাইজিং কমিটি ছবিটিকে ছাড়পত্র দিয়েছিল। তবে চূড়ান্ত সার্টিফিকেট হাতে আসতে বেশ কয়েক মাস সময় লেগে যায়। উল্লেখ্য, ২০২৫ সালের ডিসেম্বরে পরীক্ষক কমিটি ছবিটি দেখে কিছু কাটছাঁটের পর U/A 16+ সার্টিফিকেট দেওয়ার সুপারিশ করেছিল। নির্মাতারা সেই সংশোধনও করেন। এরপর ২০২৬ সালের ৯ জানুয়ারি ছবি মুক্তির পরিকল্পনা থাকলেও, পরীক্ষক কমিটির এক সদস্য কয়েকটি দৃশ্য নিয়ে আপত্তি জানিয়ে সিবিএফসি চেয়ারম্যান প্রসূন যোশীর কাছে অভিযোগ করেন। সেই অভিযোগের ভিত্তিতেই ছবিটি পুনরায় রিভাইজিং কমিটির কাছে পাঠানো হয়।
সেন্সর প্রক্রিয়ায় দীর্ঘ বিলম্বের কারণে ছবির পরিচালক প্রথমে মাদ্রাজ হাইকোর্ট এবং পরে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। পাশাপাশি আদর্শ আচরণবিধি (Model Code of Conduct) কার্যকর থাকায়ও চূড়ান্ত সার্টিফিকেট জারি বিলম্বিত হয়েছিল বলে জানা যায়। ফলে নির্ধারিত সময়ে ছবিটি মুক্তি পায়নি।

আরো পড়ুন-বর্ষাকালে AC-এর কোন মোড ব্যবহার করা উচিত?
ছবির প্রযোজক এবং কেভিএন প্রোডাকশন্সের কর্ণধার ভেঙ্কট কে নারায়ণা জানিয়েছেন, সেন্সর বোর্ডের চূড়ান্ত অনুমোদন পেলেই ছবিটি দ্রুত প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হবে। তিনি বলেন, বিজয়ের মুখ্যমন্ত্রী হওয়ার পর ছবির নাম ‘জনা নায়াগান’ যেন নতুন তাৎপর্য পেয়েছে। ভক্তদের একাংশ ইতিমধ্যেই ছবির টাইটেল কার্ডে ‘থালাপতি বিজয়’-এর পরিবর্তে ‘তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়’ লেখারও দাবি তুলেছেন।
এইচ. বিনোথ পরিচালিত ছবিতে বিজয়ের পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন পূজা হেগড়ে, ববি দেওল এবং মমিতা বাইজু। রাজনৈতিক জীবনে প্রবেশের পর বিজয়ের অন্যতম বড় ছবি হওয়ায় ‘জনা নায়াগান’ ঘিরে দর্শকদের আগ্রহ তুঙ্গে।

তবে মুক্তির আগেই ছবিটি বিতর্কে জড়ায়। সম্প্রতি ছবির কিছু অংশ অনলাইনে ফাঁস হয়ে যায়। এই ঘটনায় এক ফ্রিল্যান্স সহকারী সম্পাদক-সহ কয়েক জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তদন্ত এখনও চলছে।
সব জটিলতা কাটিয়ে অবশেষে ‘জনা নায়াগান’ বড়পর্দায় আসার পথে। এখন দর্শকদের অপেক্ষা শুধু চূড়ান্ত সেন্সর শংসাপত্র এবং মুক্তির সরকারি ঘোষণার।



