ভালবাসার কোনও নির্দিষ্ট বয়স হয় না (Celebrity Marriage) — এই কথার বাস্তব প্রমাণ মিলেছে বিনোদন জগতের একাধিক পরিচিত মুখের জীবনে। জীবনের দীর্ঘ পথ পেরিয়ে, কখনও দীর্ঘদিনের সম্পর্ককে সামাজিক স্বীকৃতি দিতে, আবার কখনও নতুন করে জীবন শুরু করার ইচ্ছায় ষাটের গণ্ডি পেরিয়েও বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।
আরও পড়ুন – Smartphone : বাজেট ২৫ হাজার টাকা, কোন স্মার্টফোন কিনবেন? ভাবছেন!

সমাজের প্রচলিত ধারণাকে পিছনে ফেলে এই তারকারা (Celebrity Marriage) দেখিয়েছেন, নতুন করে সুখ খুঁজে নেওয়ার জন্য বয়স কখনও বাধা হতে পারে না। সম্প্রতি ৬২ বছর বয়সে গৌরী স্প্র্যাটকে বিয়ে করে ফের আলোচনায় এসেছেন বলিউড অভিনেতা আমির খান (Aamir Khan)। তাঁর এই সিদ্ধান্তের পর আবারও সামনে এসেছে সেই সব তারকার নাম, যাঁরা জীবনের পরিণত বয়সে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন।

বলিউডের বর্ষীয়ান অভিনেতা কবীর বেদী (Kabir Bedi) ২০১৬ সালে নিজের ৭০তম জন্মদিনেই দীর্ঘদিনের সঙ্গী পরভিন দোসাঞ্ঝকে বিয়ে করেন। এটি ছিল তাঁর চতুর্থ বিয়ে। বয়সের ব্যবধান নিয়ে নানা আলোচনা হলেও তিনি বারবার বলেছেন, সম্পর্কের ভিত্তি হওয়া উচিত পারস্পরিক বোঝাপড়া ও ভালবাসা। জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী সুহাসিনী মুলে ৬০ বছর বয়সে প্রথমবার বিয়ে করেন। ২০১১ সালে পদার্থবিজ্ঞানী অতুল গুর্তুর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে জীবনের নতুন অধ্যায় শুরু করেন তিনি।
আরও পড়ুন – Insulin Resistance : চিনি না খেলেও বাড়ছে ব্লাড সুগার? জানুন মুক্তির পথ!
হলিউডেও এমন উদাহরণ কম নয়। অভিনেতা রিচার্ড গেরে (Richard Gere) ৬৮ বছর বয়সে স্প্যানিশ জনসংযোগকর্মী আলেহান্দ্রা সিলভাকে বিয়ে করেন। ‘ইন্ডিয়ানা জোন্স’ খ্যাত হ্যারিসন ফোর্ড ৬৭ বছর বয়সে অভিনেত্রী ক্যালিস্তা ফ্লকহার্টকে জীবনসঙ্গী করেন। অস্কারজয়ী অ্যান্থনি হপকিন্স ৬৫ বছর বয়সে স্টেলা অ্যারোয়াভেকে বিয়ে করেন। ‘জুরাসিক পার্ক’ অভিনেতা জেফ গোল্ডব্লুম ৬২ বছর বয়সে অলিম্পিক জিমন্যাস্ট এমিলি লিভিংস্টোনকে বিয়ে করেন।

এছাড়াও ‘এক্স-মেন’ খ্যাত প্যাট্রিক স্টুয়ার্ট ৭৩ বছর বয়সে সানি ওজ়েলকে বিয়ে করেন। ‘স্টার ট্রেক’ অভিনেতা জর্জ তাকেই ৭১ বছর বয়সে দীর্ঘদিনের সঙ্গী ব্র্যাড অল্টম্যানকে বিয়ে করে সমলিঙ্গের সম্পর্ককে আইনি স্বীকৃতি দেন। ‘হেলবয়’ অভিনেতা রন পার্লম্যান (Ron Perlman) ও ৭২ বছর বয়সে অভিনেত্রী অ্যালিসন ডানবারকে বিয়ে করেন। হলিউড কিংবদন্তি এলিজাবেথ টেলরের ব্যক্তিগত জীবনও বরাবরই আলোচনায় ছিল। তিনি মোট আটবার বিয়ে করেছিলেন। তাঁর অষ্টম বিয়ের সময় বয়স ছিল প্রায় ৬০ বছর।

তবে বলিউডে ৬০ বছর পার করে বিয়ের ঘটনা তুলনামূলকভাবে বিরল। যদিও ৫০-এর পরে নতুন সংসার শুরু করার উদাহরণ রয়েছে অনেক। আশিস বিদ্যার্থী (Ashish Vidyarthi) ৫৭ বছর বয়সে রূপালি বরুয়াকে, আরবাজ খান ৫৬ বছর বয়সে সুরা খানকে এবং মিলিন্দ সোমান (Milind Soman) ৫২ বছর বয়সে অঙ্কিতা কোনওয়ারকে বিয়ে করেন।
আরও পড়ুন – COCONUT : বর্ষায় নারকেল খাওয়ার আগে এই তথ্যগুলো জানা জরুরি!
এই সব তারকার জীবন একটাই বার্তা দেয়— ভালবাসা, সঙ্গ এবং নতুন করে জীবন শুরু করার ইচ্ছার কোনও বয়সসীমা নেই। বয়স কেবল একটি সংখ্যা, সম্পর্কের আসল ভিত্তি বিশ্বাস, ভালবাসা এবং পারস্পরিক সম্মান।



