‘স্পিরিট’(Spirit) থেকে দীপিকা পাডুকোনের সরে যাওয়ার কারণ নিয়ে এতদিন ধরে একের পর এক কথা সামনে এসেছে। কখনও কাজের সময়, কখনও পারিশ্রমিক, আবার কখনও ছবির বিষয়বস্তু—কারণ নিয়ে জল্পনার শেষ ছিল না। কিন্তু এবার হিন্দুস্তান টাইমসের এক্সক্লুসিভ (Exclusive) প্রতিবেদনে উঠে এল সম্পূর্ণ অন্য একটি দাবি। আর সেই দাবিই ফের উসকে দিয়েছে পুরনো বিতর্ক।

এক সংবাদ সংস্থা মারফত জানা গিয়েছে, দীপিকা পাডুকোনের সঙ্গে পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার নাকি মাত্র একবারই দেখা হয়েছিল। সেই সাক্ষাৎও খুব একটা মসৃণ ছিল না। নির্ধারিত সময়ের প্রায় এক ঘণ্টা পরে বৈঠকে পৌঁছেছিলেন পরিচালক, এমন দাবিও উঠছে । যদিও দীপিকা বিষয়টি পেশাদার ভাবেই নিয়েছিলেন বলে দাবি ওই সূত্রের।
আরও পড়ুন – ৮ দিনেই ১৭০ কোটি, বক্সঅফিসে ঝড় ইমরানের ‘আওয়ারাপন ২’

কিন্তু আসল চমক ছিল বৈঠকের ভিতরের কথায়। সেই বৈঠকে ‘স্পিরিট’ (Spirit)-এর পুরো গল্প দীপিকাকে শোনানোই হয়নি। তাঁকে শুধু ছবির (Spirit) এক লাইনের ধারণা দেওয়া হয়েছিল। অথচ দীপিকা কোনও ছবিতে কাজ করার সিদ্ধান্ত নেওয়ার আগে সম্পূর্ণ গল্পের বর্ণনা (Full Narration) শোনেন—এমনটাই দাবি সূত্রের।
তাহলে কি ছবিটি (Spirit) নিয়ে দীপিকার সঙ্গে আলোচনা সেভাবে এগোয়ইনি? অন্তত তেমনই বিষয়টা ইঙ্গিত দিচ্ছে। এমনকি সন্দীপ রেড্ডি ভাঙ্গার সঙ্গে ভবিষ্যতে কাজ করার ব্যাপারেও দীপিকার আগ্রহ নেই বলে জানা গিয়েছে। এমনকি পরিচালকের কাজ ও তাঁর প্রকাশ্য ব্যক্তিত্ব নিয়ে দীপিকার আপত্তির কথাও উঠে এসেছে।

তবে এখানেই শেষ নয়। গত বছর ‘স্পিরিট’ (Spirit) থেকে দীপিকার সরে যাওয়ার পর সামনে এসেছিল আট ঘণ্টার নির্দিষ্ট কাজের সময়ের বিষয়টি। নতুন মা হিসেবে এমন কর্মঘণ্টা চেয়েছিলেন বলে রিপোর্ট প্রকাশিত হয়েছিল। এরপর বিষয়টি আরও জটিল হয়ে ওঠে। সন্দীপ সমাজমাধ্যমে এমন একটি পোস্ট করেছিলেন, যা অনেকেই দীপিকাকে উদ্দেশ করে লেখা বলে মনে করেছিলেন। সেই দাবি নির্মাতারা মেনে নেননি বলেও জানা যায়। পরে দীপিকার জায়গায় প্রভাসের বিপরীতে তৃপ্তি দিমরিকে নেওয়া হয়।
চলতি সপ্তাহে পরিচালক-প্রযোজক সন্দীপের ভাই প্রণয় রেড্ডি ভাঙ্গার মন্তব্যে বিতর্ক ফের সামনে আসে। তাঁর দাবি, পারিশ্রমিক ও কাজের সময়ের পাশাপাশি আরও কিছু কারণ ছিল। এমনকি দীপিকার ১০ শতাংশ লাভের অংশ চাওয়ার দাবিও সামনে আসে।
অর্থাৎ ‘স্পিরিট’ (Spirit) থেকে দীপিকার বিদায়ের গল্পে এখনও একাধিক দাবি রয়েছে। অভিনেত্রীর পক্ষ থেকে অবশ্য এই নতুন দাবিগুলির কোনও আনুষ্ঠানিক ব্যাখ্যা সামনে আসেনি। তাই কোন কারণটি আসল, তা নিয়ে জল্পনা থেকেই যাচ্ছে।
আরও পড়ুন – ভারতে সিমের সংখ্যায় লাগাম! ২৪ আগস্ট থেকে কড়া নিয়ম
অন্যদিকে, দীপিকার পরবর্তী ছবির তালিকায় রয়েছে শাহরুখ খানের সঙ্গে ‘কিং’ (King)। এরপর আল্লু অর্জুনের সঙ্গে আটলির ‘রাকা’ (Raaka)-তেও দেখা যাবে তাঁকে।
