Homeরাজ্যDurga Puja at South City Mall: শপিং মলে এবার উমাবরণ! হবে অষ্টমীর...

Durga Puja at South City Mall: শপিং মলে এবার উমাবরণ! হবে অষ্টমীর অঞ্জলি থেকে দশমীর সিঁদুরখেলা

পুজোর কাউন্টডাউন শুরু। কোথায় যাবেন, কী করবেন—তার পরিকল্পনাও ধীরে ধীরে তৈরি হচ্ছে। দক্ষিণ কলকাতার অন্যতম জনপ্রিয় শপিং মল সাউথ সিটিও (South City Mall) প্রতি বছর পুজোর সময় বিশেষ সাজে সেজে ওঠে। তবে এ বার সেই সাজে থাকছে একেবারে নতুন চমক। শুধু দুর্গার ইনস্টলেশন, ছবি তোলা কিংবা খাওয়াদাওয়া নয়, প্রথমবার সনাতনী রীতিনীতি মেনে দুর্গাপুজোর আয়োজন করতে চলেছে সাউথ সিটি মল।

আরও পড়ুন: আদালত থেকে ব়্যাম্পে! মিস ইউনিভার্স ইন্ডিয়া খেতাব জিতে রেকর্ড কাজিয়া লিজ মেজোর

শপিং মলের এই পুজোয় এ বার হবে নিয়ম মেনে পুজোপাঠও। তিথি মেনে ঘট স্থাপন থেকে দেবীর বোধন, কলাবউ স্নান, অষ্টমীর অঞ্জলি থেকে দশমীর সিঁদুরখেলা—সবকিছুরই আয়োজন করা হচ্ছে। ফলে পুজোর দিনগুলিতে সাউথ সিটি মলে (South City Mall) গেলে শপিংয়ের পাশাপাশি পাওয়া যাবে একেবারে পুজোর আবহ।

এ বার সাউথ সিটির (South City Mall) দুর্গাপুজোর মণ্ডপসজ্জার দায়িত্বে রয়েছেন শিল্পী শুভঙ্কর দত্ত। তাঁর পরিকল্পনায় পুজোর থিম ‘যাত্রা’। শিল্পীর ভাবনায় উঠে আসবে হাট থেকে আধুনিক শপিং মলে পৌঁছনোর বিবর্তনের গল্প। পাশাপাশি দুর্গাপুজোর সঙ্গে জড়িয়ে থাকা বিভিন্ন অজানা লোকগাথাও মণ্ডপসজ্জায় জায়গা পাবে।

শপিং মলের ভিতরে মণ্ডপ তৈরির অভিজ্ঞতা অবশ্য শিল্পীর কাছে একেবারেই নতুন। মাঠ বা রাস্তায় মণ্ডপ তৈরির অভিজ্ঞতা থাকলেও মলের মধ্যে এত বড় আয়োজন করতে গিয়ে একাধিক বিষয় মাথায় রাখতে হয়েছে। মণ্ডপ নির্মাণের আগে ইঞ্জিনিয়ারদের সঙ্গে একাধিক দফায় আলোচনা করা হয়েছে, যাতে পুজোর সময়ে মলের স্বাভাবিক পরিষেবা বা নিরাপত্তায় কোনও সমস্যা না হয়। মণ্ডপের কাঠামোও তৈরি করা হচ্ছে নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে।

মণ্ডপে আধুনিকতার ছোঁয়া থাকলেও প্রতিমায় থাকবে সাবেকিয়ানার আবহ। মৃৎশিল্পী সনাতন পালের হাতে তৈরি হবে দেবী দুর্গার প্রতিমা। ফলে মণ্ডপসজ্জা ও প্রতিমার মধ্যে আধুনিকতা এবং ঐতিহ্যের মেলবন্ধন দেখার সুযোগ পাবেন দর্শনার্থীরা।

সাউথ সিটি মল (South City Mall) কর্তৃপক্ষের বক্তব্য, সারা বছরই মলে মানুষের ভিড় থাকে। তবে দুর্গাপুজো এমন একটি উৎসব, যা মানুষকে সামাজিক ভাবে একত্রিত করে। সেই আবহকেই মলের মধ্যে আরও বড় করে তুলে ধরতে এই উদ্যোগ। খাওয়াদাওয়া, আড্ডা কিংবা কেনাকাটার পাশাপাশি যাতে মানুষ সরাসরি পুজোর আনন্দে অংশ নিতে পারেন, সেই লক্ষ্যেই এ বার নিয়ম মেনে দুর্গাপুজোর আয়োজন।

আরও পড়ুন: কলকাতায় সিনেমার আসর, নন্দনে শুরু হচ্ছে জেন-জি চলচ্চিত্র উৎসব

অর্থাৎ, এ বার পুজোয় সাউথ সিটিতে (South City Mall) গেলে শুধু শপিং বা ছবি তোলা নয়—অষ্টমীর অঞ্জলি থেকে দশমীর সিঁদুরখেলা, সবেতেই অংশ নেওয়ার সুযোগ থাকছে। প্রতিযোগিতার বদলে সাধারণ মানুষের জন্য আনন্দ ও উৎসবের পরিবেশ তৈরি করাই এ বারের পুজোর মূল লক্ষ্য।

Stay Connected
Must Read