যশরাজ ফিল্মসের Yash Raj Films জনপ্রিয় স্পাই ইউনিভার্সে এতদিন দাপট ছিল শাহরুখ খান, সলমন খান ও হৃতিক রোশনের মতো তারকাদের। এবার সেই গোয়েন্দা ব্রহ্মাণ্ডে প্রথমবারের মতো কেন্দ্রীয় ভূমিকায় দেখা গেল দুই নারী—আলিয়া ভাট Alia Bhatt ও শর্বরী ওয়াঘকে। কিন্তু টিজার-ট্রেলার ঘিরে উন্মাদনা তৈরি হলেও মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে প্রত্যাশা পূরণ করতে পারল না ‘আলফা’ Alpha Movie।
সিনেবাণিজ্য বিশ্লেষক সংস্থা স্যাকনিল্ক-এর প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, শুক্রবার মুক্তি পাওয়া ছবিটি প্রথম দিনে ভারতের বাজারে প্রায় ৯ কোটি টাকা আয় করেছে। দেশের প্রায় ৭,৫৩৪টি স্ক্রিনে মুক্তি পেয়েও ওপেনিং কালেকশনের নিরিখে যশরাজের স্পাই ইউনিভার্সের অন্যান্য ছবির তুলনায় অনেকটাই পিছিয়ে রয়েছে ‘আলফা’।
আরও পড়ুন – মাত্র ৪৮৯ টাকায় ৭৭ দিনের রিচার্জ! এয়ারটেলের প্ল্যানে মিলবে একগুচ্ছ সুবিধা

তুলনায়, শাহরুখ খানের ‘পাঠান’ প্রথম দিনেই ৫৭ কোটি টাকার ব্যবসা করেছিল। সলমন খানের ‘টাইগার ৩’-এর উদ্বোধনী দিনের আয় ছিল ৪৩ কোটি টাকা। অন্যদিকে হৃতিক রোশন ও জুনিয়র এনটিআর অভিনীত ‘ওয়ার ২’ প্রথম দিনে প্রায় ৫২ কোটি টাকার ব্যবসা করে নজর কেড়েছিল। সেই তালিকায় আলিয়া ভাটের ছবি অনেকটাই পিছিয়ে। মুক্তির আগেই ‘আলফা’কে ঘিরে শুরু হয়েছিল নানা বিতর্ক ও ট্রোলিং। অনেকের মতে, আলিয়া ভাটকে হাই-ভোল্টেজ অ্যাকশন অবতারে বিশ্বাসযোগ্য লাগেনি। তার উপর অভিনেত্রীর আগের ছবি ‘জিগরা’ বক্স অফিসে প্রত্যাশা পূরণ করতে পারেনি। ফলে নতুন ছবিকে ঘিরেও সংশয় তৈরি হয়েছিল দর্শকদের একাংশের মধ্যে। ছবির প্রচারেও ভিন্ন কৌশল নিয়েছিলেন আলিয়া। জনপ্রিয় রোস্ট শো ‘ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট’-এ হাজির হয়ে নিজেকে নিয়েই মশকরা করার সুযোগ দেন তিনি। বলিউডে গুঞ্জন, ছবিকে আলোচনায় রাখতেই নাকি ‘নেগেটিভ পাবলিসিটি’-কেও প্রচারের অংশ হিসেবে ব্যবহার করেছে অভিনেত্রীর টিম। যদিও এই জল্পনার কোনও সরকারি বা নিশ্চিত প্রমাণ নেই।তবে সব দিক থেকেই যে ছবি ব্যর্থ, তা নয়। আলিয়ার আগের ছবি ‘জিগরা’ প্রথম দিনে প্রায় ৪.৫৫ কোটি টাকা আয় করেছিল। সেই হিসেবে ‘আলফা’ তুলনামূলকভাবে ভালো সূচনা করেছে।

উল্লেখ্য, ‘রাজি’, ‘নাম শাবানা’ কিংবা ‘খুফিয়া’-র মতো নারীকেন্দ্রিক স্পাই থ্রিলার বলিউডে আগেও তৈরি হয়েছে। তবে যশরাজের স্পাই ইউনিভার্সের মতো বৃহৎ পরিসরের, সম্পূর্ণ অ্যাকশননির্ভর নারী-কেন্দ্রিক ছবি এই প্রথম। তাই প্রশ্ন উঠছে, ভারতীয় দর্শক কি এখনও পুরুষকেন্দ্রিক অ্যাকশন ছবিতেই বেশি স্বচ্ছন্দ? নাকি ছবির বিষয়বস্তু ও নির্মাণই প্রত্যাশা পূরণ করতে পারেনি?
আরও পড়ুন – ৩৫ বছর বয়সে AIDS-এ আক্রান্ত হয়ে মৃত্যু অভিনেত্রীর
এই প্রশ্নের উত্তর মিলবে আগামী কয়েক দিনে। এখন নজর সপ্তাহান্তের বক্স অফিসে। যদি শনি ও রবিবার দর্শকসংখ্যা বাড়ে, তবে ‘আলফা’ ঘুরে দাঁড়ানোর সুযোগ পেতেই পারে।



