সম্পর্কের (Relationship) পথ সবসময় মসৃণ হয় না। ভালোবাসা, হাসি-ঠাট্টা আর খুনসুটির পাশাপাশি মান-অভিমান, মতের অমিল এবং ঝগড়াও সম্পর্কেরই অংশ। কখনও রাগের বশে কথা বন্ধ হয়ে যায়, দু’জনের মধ্যে তৈরি হয় দূরত্ব। কিন্তু সেই অভিমান কতটা দীর্ঘ হবে, তা অনেকটাই নির্ভর করে পরিস্থিতি সামলানোর উপর।

এই জায়গাতেই ‘Needle and Thread’-এর উদাহরণ টেনে সম্পর্কের বিষয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন স্পিরিচুয়াল ইনফ্লুয়েন্সার গৌরগোপাল দাস। তাঁর বক্তব্যের মূল কথা—সম্পর্কে (Relationship) শুধু আঘাত করা নয়, প্রয়োজনে সেই ক্ষত সারানোর চেষ্টাও করতে হবে।
আরও পড়ুন – কেজিএফের রেকর্ড কি ভাঙবে ‘টক্সিক’?
শুধু ‘Needle’ হয়ে থাকবেন না
ঝগড়ার সময়ে রাগের মাথায় এমন অনেক কথা বলে ফেলা হয়, যা পরে আফসোসের কারণ হয়ে দাঁড়ায়। মুহূর্তের উত্তেজনায় বলা সেই কথাগুলি হয়তো দ্রুত ভুলে যাওয়া যায়, কিন্তু সঙ্গীর মনে তার প্রভাব দীর্ঘস্থায়ী হতে পারে।
‘Needle and Thread’-এর উদাহরণে সূচ যেমন কাপড়ে ছিদ্র তৈরি করে, তেমনই কটু কথা একটি সম্পর্কে ক্ষত তৈরি করতে পারে। তাই ভুল কথা বলে ফেললে শুধু বিষয়টি এড়িয়ে যাওয়া নয়, সেই ক্ষত সারানোর উদ্যোগ নেওয়াও জরুরি।
‘কে আগে কথা বলবে’—এই ইগো নয়
ঝগড়ার পর অনেক সময় দু’জনেই নীরব হয়ে যান। একজন মনে করেন, ‘ও আগে কথা বলুক’, অন্যজনও অপেক্ষা করেন একইভাবে। ফলে সামান্য অভিমান ধীরে ধীরে বড় দূরত্বের কারণ হয়ে উঠতে পারে।
গৌরগোপাল দাসের পরামর্শ, সম্পর্ককে (Relationship) গুরুত্ব দিলে ‘কে আগে কথা বলল’ সেই হিসাব না করাই ভালো। পরিস্থিতি স্বাভাবিক করতে কখনও কখনও নিজেকেই প্রথম পদক্ষেপ করতে হয়। কারণ দীর্ঘদিনের দূরত্বের চেয়ে সম্পর্ককে গুরুত্ব দেওয়া অনেক বেশি মূল্যবান।

‘Thread’ হয়ে ছেঁড়া সম্পর্ক জোড়ার চেষ্টা
ক্ষমা চাওয়া মানেই নিজের সব ভুল স্বীকার করে নেওয়া নয়। বরং অনেক সময় এটি বোঝায় যে, নিজের ইগোর চেয়ে সম্পর্ককে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।
ধরুন, ঝগড়ার সময়ে আপনার কথায় সঙ্গী কষ্ট পেয়েছেন। সেক্ষেত্রে ‘আমার কথায় যদি তোমার কষ্ট হয়ে থাকে, তাহলে আমি দুঃখিত’—এইটুকু বলাও পরিস্থিতি অনেকটা সহজ করে দিতে পারে। এতে আত্মসম্মান কমে না, বরং সম্পর্কের (Relationship) প্রতি যত্ন প্রকাশ পায়।

আরও পড়ুন – রোগ সারাচ্ছেন নাকি বিষ খাচ্ছেন? জেনে নিন আসল ও নকল ওষুধ চেনার সহজ উপায়!

তাই সম্পর্কে (Relationship) শুধু ‘Needle’ হয়ে আঘাত করার বদলে প্রয়োজনের সময়ে ‘Thread’-এর মতো ছেঁড়া জায়গাগুলি জোড়ার চেষ্টাও করতে হবে। কারণ ঝগড়া বা মতের অমিল যে কোনও সম্পর্কেই আসতে পারে। আসল বিষয় হল, সেই দূরত্ব পেরিয়ে দু’জন আবার কীভাবে কাছাকাছি ফিরতে পারেন।
