JioPC: কম্পিউটার কেনা অনেকের কাছেই বড়সড় খরচের বিষয়। প্রয়োজন থাকলেও বাজেটের কথা ভেবে ডেস্কটপ বা ল্যাপটপ কেনার পরিকল্পনা পিছিয়ে দেন অনেকে। কিন্তু বাড়িতে থাকা স্মার্ট টিভিকেই যদি কম্পিউটারের মতো ব্যবহার করা যায়, তাহলে কেমন হয়? অবাক লাগলেও এমনই একটি সুবিধা রয়েছে JioPC-তে।

আরও পড়ুন: ১৫ দিনের বেশি চিনি মজুত নয়, কড়া নির্দেশ কেন্দ্রের
২০২৫ সালে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বার্ষিক সাধারণ সভায় JioPC-এর কথা তুলে ধরেছিলেন আকাশ আম্বানি। সাশ্রয়ী খরচে সাধারণ মানুষের কাছে কম্পিউটিং সুবিধা পৌঁছে দেওয়াই এই পরিষেবার মূল লক্ষ্য। তবে JioPC কোনও ডেস্কটপ বা ল্যাপটপ নয়। এটি মূলত একটি ভারচুয়াল ডেস্কটপ সলিউশন, যা জিওর ক্লাউড কম্পিউটিং পরিকাঠামোর সঙ্গে যুক্ত।

জিও সেট-টপ বক্স এবং সক্রিয় JioFiber বা JioAirFiber সংযোগ থাকলে স্মার্ট টিভির মাধ্যমেই JioPC ব্যবহার করা যায়। এর জন্য আলাদা করে CPU বা মনিটর কেনার প্রয়োজন নেই। প্রয়োজন হবে একটি মাউস ও কিবোর্ড। চাইলে Bluetooth বা USB-র মাধ্যমে সেগুলি যুক্ত করা যাবে। এমনকি JioHome অ্যাপের সাহায্যে স্মার্টফোনকেও ভারচুয়াল মাউস ও কিবোর্ড হিসেবে ব্যবহার করার সুযোগ রয়েছে।
JioPC ব্যবহারের জন্য প্রয়োজন সক্রিয় JioPC প্ল্যান। এর মাসিক খরচ প্রায় ৩০০ টাকা থেকে শুরু হতে পারে। অর্থাৎ, বাড়িতে থাকা স্মার্ট টিভিকেই কাজে লাগিয়ে কম খরচে কম্পিউটারের মতো পরিবেশ তৈরি করা সম্ভব।
কীভাবে টিভিকে কম্পিউটারে বদলাবেন?
১. প্রথমে স্মার্ট টিভি এবং জিও সেট-টপ বক্স চালু করুন।
২. জিও মেনুতে গিয়ে JioPC অ্যাপটি নির্বাচন করুন।

৩. USB বা Bluetooth-এর মাধ্যমে মাউস ও কিবোর্ড সংযুক্ত করুন। চাইলে JioHome অ্যাপের সাহায্যে স্মার্টফোনকেও মাউস-কিবোর্ড হিসেবে ব্যবহার করতে পারেন। ফোন পেয়ার করার জন্য টিভিতে দেখানো QR কোড স্ক্যান করতে হবে।
৪. এরপর নিজের মোবাইল নম্বর দিয়ে ভেরিফিকেশন সম্পূর্ণ করুন।
৫. সবশেষে ‘Launch Now’ অপশনে ক্লিক করলেই চালু হয়ে যাবে আপনার ক্লাউড ডেস্কটপ।
আরও পড়ুন: কোটি টাকায় বিক্রি গান্ধিজির পাণ্ডুলিপি
অর্থাৎ, আলাদা করে ডেস্কটপ বা ল্যাপটপ না কিনেও বাড়ির স্মার্ট টিভিকে কাজে লাগিয়ে কম্পিউটারের মতো অভিজ্ঞতা পাওয়া সম্ভব। তবে ব্যবহারের আগে প্রয়োজনীয় Jio সংযোগ এবং সক্রিয় JioPC প্ল্যান রয়েছে কি না, তা নিশ্চিত করে নেওয়া জরুরি।
