HomeদেশMinister Bungalows: মন্ত্রীদের সরকারি বাংলো সংস্কারে ৯২ কোটি, প্রকাশ্যে আরটিআই রিপোর্ট

Minister Bungalows: মন্ত্রীদের সরকারি বাংলো সংস্কারে ৯২ কোটি, প্রকাশ্যে আরটিআই রিপোর্ট

নয়াদিল্লির লুটিয়েনস জোনে কেন্দ্রীয় মন্ত্রীদের সরকারি বাসভবনের (Minister Bungalows) রক্ষণাবেক্ষণ, মেরামত, সংস্কার ও আধুনিকীকরণে বিপুল অর্থ খরচ হয়েছে। ২০২৫-২৬ অর্থবর্ষে এই খাতে ব্যয়ের পরিমাণ ৯২.৩৫ কোটি টাকা। ২০১৪-১৫ অর্থবর্ষের তুলনায় এই খরচ বেড়েছে তিন গুণেরও বেশি। পিটিআই-এর করা একটি আরটিআই-এর মাধ্যমে এই তথ্য প্রকাশ্যে এসেছে।

কেন্দ্রীয় পূর্ত বিভাগ বা সিপিডব্লিউডি-র তথ্য অনুযায়ী, ২০১৪-১৫ থেকে ২০২৫-২৬ অর্থবর্ষ পর্যন্ত মন্ত্রীদের সরকারি বাসভবনগুলির (Minister Bungalows) রক্ষণাবেক্ষণ ও সংস্কারে মোট ৫৪৭.৬৮ কোটি টাকা খরচ হয়েছে। এর মধ্যে ২০২৫-২৬ অর্থবর্ষের ব্যয়ই সর্বোচ্চ।

আরও পড়ুন: হারিয়ে যাচ্ছে পৃথিবীর ‘সাদা চাদর’! অ্যালবেডো হ্রাসের ধাক্কায় মহাবিপদে মানবজাতি?

প্রশাসনিক আধিকারিকদের দাবি, লুটিয়েনস জোনের অধিকাংশ সরকারি বাংলোই প্রায় ৮০ থেকে ১০০ বছরের পুরোনো। ফলে নিয়মিত রক্ষণাবেক্ষণের পাশাপাশি বাড়িগুলিতে জল চুঁইয়ে পড়া, উইপোকার উপদ্রব, বিদ্যুৎ সংযোগ এবং প্লাম্বিং ব্যবস্থার ক্ষয়ক্ষতির মতো সমস্যাও দেখা দেয়। পুরোনো পরিকাঠামো সংস্কারের পাশাপাশি মুদ্রাস্ফীতি এবং নির্মাণসামগ্রীর মূল্যবৃদ্ধির কারণেও রক্ষণাবেক্ষণের খরচ বেড়েছে।

পরিসংখ্যান বলছে, ২০১৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত সরকারি বাংলোগুলির মেরামত ও আধুনিকীকরণে বছরে গড়ে ২৬.৭৮ কোটি টাকা খরচ হয়েছিল। ২০১৯ থেকে ২০২৪ সালের মধ্যে সেই গড় বার্ষিক ব্যয় বেড়ে প্রায় ৫০ কোটি টাকা হয়। ২০২৪-২৫ অর্থবর্ষে খরচ হয়েছিল ৭১.৯৮ কোটি টাকা। পরের অর্থবর্ষে সেই অঙ্ক আরও বেড়ে দাঁড়ায় ৯২.৩৫ কোটি টাকায়।

এক প্রশাসনিক আধিকারিক জানিয়েছেন, অতীতে কয়েকটি পুরোনো বাংলো ভেঙে নতুন করে নির্মাণের পরিকল্পনাও করা হয়েছিল। যদিও সেই পরিকল্পনা আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হয়নি। তাঁর বক্তব্য, কয়েকটি বাংলো কাঠামোগত ভাবে দুর্বল হয়ে পড়েছিল। সেগুলির আধুনিকীকরণ প্রয়োজন হয়ে পড়ে।

লুটিয়েনস জোনের এই সরকারি বাংলোগুলির ঐতিহাসিক গুরুত্বও রয়েছে। ব্রিটিশ শাসনামলে নতুন দিল্লিকে রাজধানী হিসেবে গড়ে তোলার সময় ১৯১২ থেকে ১৯৩০ সালের মধ্যে এই এলাকা তৈরি করা হয়। স্বাধীনতার পর বাংলোগুলি উচ্চপদস্থ সরকারি আধিকারিক এবং কেন্দ্রীয় মন্ত্রীদের বাসভবন হিসেবে ব্যবহার করা শুরু হয়।

আরও পড়ুন: চিনির পর এবার পেঁয়াজে ‘আগুন’! এক মাসে দাম বাড়ল ৭৬%

বর্তমানে কেন্দ্রীয় মন্ত্রিসভায় সাধারণত ৭০ থেকে ৭২ জন ক্যাবিনেট মন্ত্রী ও প্রতিমন্ত্রী রয়েছেন। সেই হিসাব ধরলে ২০২৫-২৬ অর্থবর্ষে সরকারি বাসভবনগুলির মেরামত ও সংস্কারে গড়ে প্রত্যেক মন্ত্রীর জন্য প্রায় ১.২০ কোটি টাকা করে খরচ হয়েছে। সরকারি বাংলোর রক্ষণাবেক্ষণে এই বিপুল ব্যয় প্রকাশ্যে আসার পর স্বাভাবিক ভাবেই সরকারি অর্থের ব্যবহার নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

Stay Connected
Must Read