স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) র বেসিক সেভিংস অ্যাকাউন্টের গ্রাহকদের জন্য বড় খবর। আগামী ১ অক্টোবর ২০২৬ থেকে বদলে যাচ্ছে এই অ্যাকাউন্টের টাকা তোলার নিয়ম। এতদিন মাসে চারবারের বেশি টাকা তুললে নির্দিষ্ট চার্জ দিতে হত। এবার সেই চারবারের সীমার আওতায় আনা হচ্ছে ডিজিটাল পদ্ধতিতে টাকা তোলাকেও। ফলে মাসে নির্দিষ্ট সংখ্যার বেশি বার টাকা তুললে গ্রাহকদের অতিরিক্ত খরচ করতে হতে পারে।

এসবিআই সূত্রে জানা গিয়েছে, বেসিক সেভিংস ব্যাঙ্ক ডিপোজিট অ্যাকাউন্টের ক্ষেত্রে মাসে প্রথম চারটি টাকা তোলার লেনদেনের পর অতিরিক্ত লেনদেনে চার্জ নেওয়া হবে। এতদিন শাখা বা এটিএমের মাধ্যমে টাকা তোলার ক্ষেত্রে এই সীমা প্রযোজ্য ছিল। কিন্তু ১ অক্টোবর থেকে কার্ড ছাড়া ডিজিটাল পদ্ধতিতে টাকা তোলার লেনদেনও ওই চারটির হিসাবের মধ্যে চলে আসবে।
আরও পড়ুন – একই ছবির স্বত্ব দু’বার বিক্রি? বলিউডে সুপারহিট ‘ধামাল’ নিয়ে বিশাল আর্থিক জালিয়াতি!
এসবিআইয়ের (SBI) YONO অ্যাপের মাধ্যমে কার্ড ছাড়াই টাকা তোলার সুবিধা রয়েছে। সেই পদ্ধতিতে টাকা তুললেও এবার থেকে সেটি মাসিক চারটি লেনদেনের সীমার মধ্যে গণনা করা হবে। অর্থাৎ, শাখা, এটিএম এবং নির্দিষ্ট ডিজিটাল পদ্ধতিতে টাকা তোলা—সব মিলিয়েই মাসে চারটি লেনদেনের হিসাব করা হবে।
ব্যাঙ্কের (SBI) নিয়ম অনুযায়ী, মাসে চারটির বেশি টাকা তোলার ক্ষেত্রে প্রতিটি অতিরিক্ত লেনদেনে ১৫ টাকা করে চার্জ নেওয়া হবে। এর সঙ্গে প্রযোজ্য জিএসটিও যোগ হবে। ফলে ডিজিটাল মাধ্যমে একাধিক বার টাকা তোলেন এমন গ্রাহকদের খরচ বাড়তে পারে। এতদিন ডিজিটাল মাধ্যমে কার্ড ছাড়া টাকা তোলার লেনদেনকে এই চারটি লেনদেনের সীমার মধ্যে ধরা হত না। নতুন নিয়মে সেই ব্যবস্থাতেই পরিবর্তন আনা হচ্ছে। ফলে গ্রাহকদের লেনদেনের সংখ্যা সম্পর্কে আরও সচেতন থাকতে হবে।
এসবিআই (SBI)-এর বেসিক অ্যাকাউন্ট মূলত এমন গ্রাহকদের জন্য তৈরি, যাঁরা কোনও ন্যূনতম ব্যালান্স রাখার বাধ্যবাধকতা ছাড়াই সাধারণ সেভিংস অ্যাকাউন্ট ব্যবহার করতে চান। এই অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালান্স রাখার প্রয়োজন নেই। গ্রাহক শাখায় গিয়ে উইথড্রয়াল ফর্ম ব্যবহার করে কিংবা এটিএমের মাধ্যমে টাকা তুলতে পারেন। নির্দিষ্ট ডিজিটাল ব্যবস্থার মাধ্যমেও টাকা তোলার সুযোগ রয়েছে। তবে বেসিক সেভিংস ব্যাঙ্ক ডিপোজিটঅ্যাকাউন্টের কিছু সীমাবদ্ধতাও রয়েছে। সাধারণ সেভিংস অ্যাকাউন্টের মতো এই অ্যাকাউন্টে চেকবুকের সুবিধা থাকে না।

আরও পড়ুন – ব্রহ্মাস্ত্র ২-এ দীপিকা? জোর জল্পনা
নতুন নিয়ম কার্যকর হওয়ার পর টাকা তোলার আগে মাসিক লেনদেনের সংখ্যা হিসাব করে নেওয়াই গ্রাহকদের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।অর্থাৎ, ১ অক্টোবর থেকে এসবিআই (SBI) -এর বেসিক সেভিংস ব্যাঙ্ক ডিপোজিট অ্যাকাউন্টে টাকা তোলার ক্ষেত্রে শুধু এটিএম বা শাখার লেনদেন নয়, ডিজিটাল মাধ্যমে টাকা তোলার সংখ্যার দিকেও নজর রাখতে হবে। চারটি লেনদেনের সীমা পেরোলেই অতিরিক্ত চার্জ গুনতে হবে গ্রাহকদের।
