Homeলাইফস্টাইলshampoo Ginger Lily, natural shampoo: ফুলের রস কি সত্যিই শ্যাম্পুর বিকল্প?

shampoo Ginger Lily, natural shampoo: ফুলের রস কি সত্যিই শ্যাম্পুর বিকল্প?

আজকাল চুল সফট, চকচকে আর ড্যানড্রফ ফ্রি রাখতে বাজারে কত রকমের দামি শ্যাম্পু (Shampoo) ! কিন্তু জানেন কি, এমন একটি গাছ আছে যার ফুলের মতো অংশ থেকেই পাওয়া যায় স্বচ্ছ তরল, যা চুলের পরিচর্যায় ব্যবহার করা হয়? সোশ্যাল মিডিয়ায় জিনজার লিলিকে ঘিরে এখন এমনই আলোচনা। কেউ বলছেন, এটাই নাকি একেবারে প্রাকৃতিক শ্যাম্পু!

Ginger Lily natural shampoo

গাছটির নাম শ্যাম্পু জিনজার লিলি বা Shampoo Ginger। বৈজ্ঞানিক নাম Zingiber zerumbet। এর শঙ্কুর মতো ফুলের ভেতরে জমে থাকা স্বচ্ছ, আঠালো তরল বহুদিন ধরেই চুলের পরিচর্যায় ব্যবহার করা হয়। এই তরল চুলকে কিছুটা নরম ও মসৃণ অনুভব করাতেও পারে।

আরও পড়ুন – বিপর্যস্ত নেপাল, পাশে সবার আগে ভারত

তবে এখানেই আসল চমক।
ডার্মাটোলজিস্টদের ব্যাখ্যা অনুযায়ী, এটিকে প্রচলিত শ্যাম্পুর (Shampoo) সমতুল্য বলা ঠিক নয়। গবেষণায় এই উদ্ভিদের বিভিন্ন উপাদানের জৈবিক কার্যকলাপ নিয়ে আলোচনা হয়েছে। কারণ সাধারণ শ্যাম্পুতে এমন সার্ফ্যাক্ট্যান্ট বা পরিষ্কার করার উপাদান থাকে, যা মাথার ত্বক থেকে তেল, ঘাম ও ময়লা সরাতে সাহায্য করে। জিনজার থেকে পাওয়া ওই প্রাকৃতিক তরলে সেই মাত্রার ক্লিনজিং ক্ষমতার বা চুল পড়া বন্ধ করার প্রমাণ নেই।

তাহলে চুল নরম লাগে কেন?

এর পিছনে রয়েছে জল এবং মিউসিলেজ নামক একটি জেল-সদৃশ পদার্থ। এটি চুলের উপর পাতলা আবরণ তৈরি করে এবং চুলের মধ্যে ঘর্ষণ কমাতে সাহায্য করে। ফলে চুল ধোয়ার পর তুলনামূলক নরম ও মসৃণ মনে হতে পারে। তবে মাথার ত্বক যদি খুব তেলতেলে হয়, কিংবা চুলে নিয়মিত নানা হেয়ার প্রোডাক্ট ব্যবহার করা হয়, তাহলে শুধু এই প্রাকৃতিক তরল দিয়ে সবটা পরিষ্কার নাও হতে পারে। কারণ এতে সাধারণ শ্যাম্পুর (Shampoo) মতো শক্তিশালী cleansing surfactant নেই।

‘প্রাকৃতিক’ মানেই সবার জন্য নিরাপদ—চর্মরোগ বিশেষজ্ঞরা এমন ধারণাকে সমর্থন করেন না। উদ্ভিদজাত উপাদান থেকেও কারও কারও চুলের গোড়া বা ত্বকে চুলকানি, জ্বালা কিংবা অ্যালার্জিক কন্ট্যাক্ট ডার্মাটাইটিস হতে পারে। শ্যাম্পু (Shampoo) নিয়ে চিকিৎসাবিজ্ঞানের গবেষণাতেও বিভিন্ন সুগন্ধি, প্রিজারভেটিভ ও সার্ফ্যাক্ট্যান্টের কারণে এমন প্রতিক্রিয়ার উদাহরণ পাওয়া গেছে। বিশেষজ্ঞরা তাই ব্যবহারের আগে patch test করার কথা বলেছেন।

আর একটা বিষয় অনেকেই হয়তো ভাবছেন না। গাছ থেকে সরাসরি পাওয়া এই তরল কোনও ল্যাবরেটরিতে তৈরি বা সংরক্ষিত শ্যাম্পু (Shampoo) নয়। তাই এতে জীবাণু বা দূষণ থাকার সম্ভাবনাও একেবারে উড়িয়ে দেওয়া যায় না।
যাদের অ্যালার্জি রয়েছে, কিংবা একজিমা, সোরিয়াসিস, অত্যন্ত সংবেদনশীল স্ক্যাল্প বা মাথার ত্বকে কোনও ক্ষত আছে, তাদের ক্ষেত্রে বিষয়টি আরও গুরুত্বপূর্ণ। এমন পরিস্থিতিতে নিজের মতো করে ব্যবহার না করে আগে চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়াই ভালো।

আর সম্প্রতি মাথার ত্বকে কোনও হেয়ার সার্জারি, PRP বা মাইক্রোনিডলিং হয়ে থাকলে তো আরও সাবধান। এই ধরনের প্রক্রিয়ার পর স্ক্যাল্প কিছুদিন সংবেদনশীল থাকতে পারে। তাই চিকিৎসক স্ক্যাল্পে নতুন কোনও উপাদান ব্যবহারের অনুমতি না দেওয়া পর্যন্ত জিনজার লিলির কাঁচা তরল ব্যবহার না করাই নিরাপদ।

সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, জিনজার লিলির তরল চুল পড়া বন্ধ করে বা খুশকি সারিয়ে দেয়—এমন শক্তিশালী মানব-গবেষণার প্রমাণ এখন নেই। তাই গাছ থেকে পাওয়া তরল দেখে সেটিকে ‘ন্যাচারাল শ্যাম্পু’ (Shampoo)বলে ধরে নেওয়া ঠিক হবে না। বিশেষজ্ঞদের মতে, চুল ধোয়ার সময় যে চুল পড়ে, তার অনেকটাই স্বাভাবিক hair-growth cycle-এর অংশ। শুধু কোন ধরনের cleanser ব্যবহার করছেন, তা দিয়ে এই স্বাভাবিক hair shedding বন্ধ হয়ে যায় না।

আরও পড়ুন – কম বয়সে সিগারেটে সুখটান? নীরবেই বিকল হচ্ছে আপনার হার্ট!

গাছটি সত্যিই প্রাকৃতিক। তার ফুলের মতো অংশে তরলও সত্যিই জমে। কিন্তু সেই তরলকে ‘সম্পূর্ণ প্রাকৃতিক শ্যাম্পু’(Shampoo), ‘চুল পড়ার ওষুধ’ বা ‘খুশকির নিশ্চিত সমাধান’ বলা এখনও বিজ্ঞানের পরীক্ষায় প্রমাণিত নয়। প্রাকৃতিক জিনিস নিয়ে কৌতূহল থাকতেই পারে। কিন্তু চুলের যত্নে শেষ কথা বলার আগে সোশ্যাল মিডিয়ার ভিডিও নয়, গবেষণা আর বিশেষজ্ঞের পরামর্শের দিকেই তাকানো বেশি নিরাপদ।

Stay Connected
Must Read