বড় পর্দায় তিনি বাংলা সিনেমার ‘ইন্ডাস্ট্রি’। পাঁচ দশকেরও বেশি সময় ধরে অভিনয়ের জাদুতে দর্শকদের মুগ্ধ করে চলেছেন। কিন্তু আসন্ন ছবি ‘অভিমান’-এ তাঁর নতুন অবতার দেখে একেবারে চমকে গেলেন খোদ বাবা। এমনকি প্রথম ঝলকে ছেলেকে চিনতেই পারেননি প্রবীণ অভিনেতা বিশ্বজিৎ চট্টোপাধ্যায়। আর সেই বিস্ময় থেকেই জন্ম নিল এক বিশেষ উপহার, যা আবেগে ভাসিয়েছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে।
আগামী ১৯ জুন মুক্তি পেতে চলেছে পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্তের ছবি ‘অভিমান’। এই ছবিতে এক জনপ্রিয় রকস্টার ‘আকাশ চট্টোপাধ্যায়’-এর চরিত্রে দেখা যাবে প্রসেনজিৎকে। কাঁধছোঁয়া লম্বা চুল, চোখে সানগ্লাস, মাথায় টুপি—সম্পূর্ণ অন্যরকম এক লুকে ধরা দিয়েছেন তিনি। ছবির টিজার প্রকাশ্যে আসতেই দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া পড়ে যায়।

তবে সবচেয়ে বড় প্রতিক্রিয়া আসে অভিনেতার বাবা বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের কাছ থেকে। টিজার দেখার পর তিনি নাকি ছেলেকে বলেছিলেন, “তোকে চিনতেই পারিনি।” একজন অভিনেতার কাছে এর চেয়ে বড় স্বীকৃতি আর কী হতে পারে! সেই অনুভূতির কথাই সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন প্রসেনজিৎ।
শুধু প্রশংসাই নয়, ছেলের নতুন চরিত্রে মুগ্ধ হয়ে নিজের হাতে একটি স্কেচও এঁকেছেন বিশ্বজিৎ চট্টোপাধ্যায়। সাদা কাগজে আঁকা সেই ছবিতে ফুটে উঠেছে ‘অভিমান’-এর রকস্টার আকাশ চট্টোপাধ্যায়ের প্রতিচ্ছবি। ছবির নিচে নিজের স্বাক্ষরও করেছেন তিনি। সেই বিশেষ উপহার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে আবেগঘন পোস্ট করেন প্রসেনজিৎ।

তিনি লেখেন, “বাপির আঁকা এই ছবিটা আমার অভিনীত একটি চরিত্রের প্রতিচ্ছবি শুধু নয়, এর মধ্যে লুকিয়ে আছে একজন বাবার চোখে তাঁর ছেলেকে নতুন করে আবিষ্কার করার গল্প। ‘অভিমান’-এর টিজার দেখে বাপি বলেছিলেন, ‘তোকে চিনতেই পারিনি’। একজন অভিনেতার কাছে এর চেয়ে বড় পাওয়া আর কী হতে পারে, যখন নিজের বাবাও তাঁর অভিনয়ে এক নতুন মানুষকে খুঁজে পান।”
আরও লিখেছেন, “বাপির তুলির আঁচড়ে, তাঁর অনুভূতিতে নিজেকে নতুন করে আবিষ্কার করি। আমার কাজ তাঁর হৃদয় ছুঁয়েছে। এই ভালোবাসা, আশীর্বাদ আর বিশ্বাস আমার কাছে অমূল্য।”
আরো পড়ুন: স্তন ক্যানসারে আক্রান্ত জনপ্রিয় অভিনেতা
প্রসেনজিতের এই পোস্টে শুভেচ্ছা ও ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন অনুরাগী থেকে সহকর্মীরা। অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় ভালোবাসার ইমোজি দিয়ে নিজের অনুভূতি প্রকাশ করেছেন। ছবির অন্যতম প্রযোজক সৌরভ দাসও মন্তব্য করেছেন, “এটা চিরকাল আমার টাইমলাইনে থেকে যাবে।”
প্রসঙ্গত, ‘অভিমান’ ছবিটি প্রযোজনা করেছে যীশু সেনগুপ্ত এবং সৌরভ দাসের প্রযোজনা সংস্থা ‘হোয়াই সো সিরিয়াস’। ছবিতে প্রসেনজিতের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় এবং যীশু সেনগুপ্ত। গল্পে থাকবে সম্পর্ক, ভালোবাসা, সাফল্য এবং আত্মপরিচয়ের টানাপোড়েন। ছবির কেন্দ্রে থাকা রকস্টার আকাশ চট্টোপাধ্যায়ের চরিত্রে প্রসেনজিতের নতুন অবতার ইতিমধ্যেই দর্শকদের মধ্যে কৌতূহল বাড়িয়ে দিয়েছে।
ছবির মুক্তির আগে বাবা-ছেলের এই আবেগঘন মুহূর্ত এখন সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।




