সৃজিতা মল্লিক
ভারতের দ্রুত প্রসারমান অনলাইন ফুড ডেলিভারি (online food delivery) বাজারে এবার প্রবেশ করতে চলেছে ই-কমার্স (E-commerce) সংস্থা ফ্লিপকার্ট (Flipkart)। দীর্ঘদিন ধরে পণ্য সরবরাহের ক্ষেত্রে নিজেদের অবস্থান শক্তিশালী করার পর এবার খাবার সরবরাহ পরিষেবাও চালু করার প্রস্তুতি নিচ্ছে ওয়ালমার্টের মালিকানাধীন সংস্থাটি। এর ফলে বর্তমানে বাজারের শীর্ষে থাকা জোম্যাটো (Zomato) ও সুইগির (Swiggy) সামনে নতুন প্রতিযোগিতার পরিস্থিতি তৈরি হতে পারে।

ফ্লিপকার্টের (Flipkart) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কল্যাণ কৃষ্ণমূর্তি জানিয়েছেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই পরীক্ষামূলকভাবে অনলাইন ফুড ডেলিভারি পরিষেবা চালু করা হবে। প্রথমে সীমিত সংখ্যক শহরে এই পরিষেবা দেওয়া হলেও গ্রাহকদের সাড়া ও অভিজ্ঞতার ভিত্তিতে ধীরে ধীরে এর পরিধি বাড়ানো হবে।
সংস্থা সূত্রে জানা গিয়েছে, এই পরিষেবার জন্য একটি পৃথক অ্যাপ আনা হবে, যদিও তার নাম এখনও প্রকাশ করা হয়নি। পাশাপাশি ফ্লিপকার্টের (Flipkart) মূল অ্যাপ ও ওয়েবসাইট থেকেও গ্রাহকরা খাবার অর্ডার করতে পারবেন। নতুন পরিষেবাটি ‘ওপেন নেটওয়ার্ক ফর ডিজিটাল কমার্স’ (ওএনডিসি)-এর সঙ্গে যুক্ত থাকবে, যার ফলে বিভিন্ন রেস্তরাঁ ও ডেলিভারি অংশীদারদের বিস্তৃত নেটওয়ার্ক ব্যবহার করা সহজ হবে।
আরও পড়ুন – Smartphone : বর্ষায় স্মার্টফোন সুরক্ষিত রাখার সহজ উপায়!
এর আগে ‘ফ্লিপকার্ট মিনিটস’- (Flipkart Minutes)
এর মাধ্যমে দ্রুত পণ্য সরবরাহ পরিষেবায় সাফল্য পেয়েছে সংস্থাটি। কল্যাণ কৃষ্ণমূর্তির দাবি, গত দু’বছরেরও কম সময়ে দেশের ১৩০টি শহরে এক হাজারের বেশি মাইক্রো ফুলফিলমেন্ট সেন্টার গড়ে তোলা হয়েছে, যা দ্রুত সরবরাহ ব্যবস্থাকে আরও শক্তিশালী করেছে।
ফ্লিপকার্টের (Flipkart) দাবি, ২০২৫ সালের তুলনায় চলতি বছরে টায়ার-১ ও টায়ার-২ শহরগুলিতে তাদের পরিষেবার চাহিদা ৪২ গুণ বেড়েছে। বর্তমানে সংস্থার সরবরাহ করা পণ্যের প্রায় ৪০ শতাংশই ব্যবহার করছেন দেশের তরুণ প্রজন্ম, বিশেষ করে জেন জ়ি গ্রাহকেরা।
আরও পড়ুন – National Award : জাতীয় মঞ্চে ‘আর্টিকেল ৩৭০’-এর জয়জয়কার!
অন্যদিকে, ভারতের অনলাইন ফুড ডেলিভারি বাজারে প্রতিযোগিতা ক্রমেই বাড়ছে। সম্প্রতি র্যাপিডো ‘ওনলি’ (Ownly) নামে নতুন ফুড ডেলিভারি পরিষেবা চালু করেছে। সুইগিও কম দামে খাবার পৌঁছে দিতে নতুন উদ্যোগ নিয়েছে। একইসঙ্গে জোম্যাটোর প্রতিষ্ঠাতা দীপিন্দর গোয়েল দ্রুত খাবার সরবরাহের লক্ষ্যে ‘বিস্ট্রো’ নামে নতুন পরিষেবা চালু করেছেন, যেখানে ১০ থেকে ১৫ মিনিটের মধ্যে চা, কফি, স্যান্ডউইচ, কেক ও পেস্ট্রির মতো খাবার পৌঁছে দেওয়া হচ্ছে।
এই পরিস্থিতিতে ফ্লিপকার্ট কীভাবে নিজেদের ফুড ডেলিভারি ব্যবসার কৌশল সাজায় এবং গ্রাহকদের আকৃষ্ট করতে কী নতুন সুবিধা নিয়ে আসে, সেদিকেই এখন নজর রয়েছে গোটা শিল্পমহলের।



