নতুন একটা সিম (SIM) নিতে গেলেন। পরিচয়পত্র ঠিক, কাগজপত্রও ঠিকঠাক। কিন্তু শেষ মুহূর্তে শুনলেন—আপনার নামে আর নতুন সিম দেওয়া যাবে না! কারণটা কী? আপনার ফোনে কতগুলি সিম চলছে, সেটাই এবার গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। ২৪ আগস্ট থেকে নির্ধারিত সীমার বেশি মোবাইল সংযোগ (Mobile Connection) রয়েছে কি না, তা যাচাইয়ের প্রক্রিয়া আরও কড়া করতে চলেছে টেলিকম দফতর (DoT)।
আসলে একজনের নামে সর্বোচ্চ কতগুলি সিম (SIM) থাকতে পারে, সেই নিয়ম নতুন নয়। দেশের বেশিরভাগ এলাকায় একজনের নামে সর্বোচ্চ ৯টি মোবাইল সংযোগ থাকতে পারে। তবে জম্মু ও কাশ্মীর, অসম এবং উত্তর-পূর্বাঞ্চলে এই সীমা ৬টি। এবার সেই নির্ধারিত সীমা মেনে চলা হচ্ছে কি না, তা নিশ্চিত করতেই নতুন করে নজরদারি বাড়ানো হচ্ছে।
আরও পড়ুন – বিমান বসুর বুকে পেসমেকার, কেমন আছেন প্রবীণ বামনেতা?

বিষয়টা একটু সহজ করে বলা যাক। আপনার নামে যদি ইতিমধ্যেই নির্ধারিত সংখ্যক সিম (SIM) থাকে, তার পরে আরও একটি নতুন সংযোগের জন্য আবেদন করলে টেলিকম সংস্থা (Telecom Operator) বিষয়টি শনাক্ত করবে। জানিয়ে দেওয়া হবে, আপনার নামে সর্বোচ্চ সীমা ইতিমধ্যেই পূরণ হয়ে গিয়েছে। ফলে নতুন সংযোগ দেওয়া যাবে না।
তবে এখানেই শেষ নয়। নতুন ব্যবস্থায় গ্রাহকের ছবি ব্যবহার করেও নির্দিষ্ট সীমায় পৌঁছে যাওয়া ব্যক্তিদের শনাক্ত করার ব্যবস্থা থাকছে। ২৩ আগস্ট থেকেই সর্বোচ্চ সীমায় পৌঁছে যাওয়া গ্রাহকদের প্রতিনিধিত্বমূলক ছবি ডিজিটাল ইন্টেলিজেন্স প্ল্যাটফর্মে (DIP) দেওয়া হবে। টেলিকম সংস্থাগুলিকে প্রতিদিন সেই ছবি ডাউনলোড করে দেখতে হবে, অতিরিক্ত সিমের (SIM) জন্য আবেদন করা ব্যক্তি ওই তালিকায় রয়েছেন কি না।

তবে ২৪ আগস্ট থেকেই সবকিছু মুহূর্তে মুহূর্তে যাচাই হবে, এমনটা নয়। প্রথমে ব্যবস্থা চলবে পোস্ট-ফ্যাক্টো (Post-facto) পদ্ধতিতে। অর্থাৎ, নতুন সংযোগ নথিভুক্ত হওয়ার পরেও যাচাই হতে পারে। কোনও গ্রাহকের নামে অনুমোদিত সীমার বেশি সিম (SIM) চালু হয়ে গেলে অতিরিক্ত সংযোগটি সঙ্গে সঙ্গে স্থগিত (Suspend) করতে হবে। সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত সেটি চালু রাখা যাবে না।
এর পরের লক্ষ্য আরও কড়া। টেলিকম সংস্থাগুলিকে রিয়েল-টাইম (Real-time) যাচাই ব্যবস্থা করতে বলা হয়েছে। অর্থাৎ, ভবিষ্যতে নতুন সিম (SIM) নথিভুক্ত ও চালু করার সময়ই বোঝা যাবে, আবেদনকারীর নামে নির্ধারিত সীমার বেশি সংযোগ রয়েছে কি না। এই ব্যবস্থা ৩০ নভেম্বরের মধ্যে চালু করতে বলা হয়েছে।
আর একটি বিষয়ও গুরুত্বপূর্ণ। কাস্টমার অ্যাপ্লিকেশন ফর্মে (CAF) বিভিন্ন টেলিকম সংস্থা এবং লাইসেন্সপ্রাপ্ত পরিষেবা এলাকায় (Licensed Service Areas) নিজের নামে থাকা মোবাইল সংযোগের (SIM) সংখ্যা জানাতে হয়। ফলে নতুন সিম নেওয়ার আগে নিজের নামে ঠিক কতগুলি সংযোগ রয়েছে, সেটি জানা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।

আরও পড়ুন – হেলথ চেকআপ করছেন তো? বিপদ কিন্তু চুপিসারে আসে
সব মিলিয়ে, ২৪ আগস্ট থেকে নতুন করে সিমের সর্বোচ্চ সীমা তৈরি হচ্ছে না। বরং অতিরিক্ত সিম নেওয়ার চেষ্টা আটকাতেই নজরদারি আরও শক্ত করা হচ্ছে।
