প্রেক্ষাগৃহে যাঁরা ‘আলফা’ (Alpha) মিস করেছিলেন, তাঁদের জন্য এবার খুলছে নতুন দরজা। আর যাঁরা ছবিটি দেখে বেরিয়ে এসে বলেছিলেন, “ওটিটিতে এলে আবার দেখব”—তাঁদের অপেক্ষাও শেষ। আলিয়া ভাট ও শর্বরীর স্পাই-অ্যাকশন ছবি ‘আলফা’ এবার আসছে ওটিটিতে। ২৮ অগস্ট থেকে নেটফ্লিক্সে (Netflix) দেখা যাবে এই ছবি। ফলে এবার আর সিনেমা হল নয়, গল্পের পুরো খেলাটা হবে ঘরে বসেই।
যশ রাজ ফিল্মসের (YRF) স্পাই ইউনিভার্সের এই ছবিকে (Alpha) ঘিরে শুরু থেকেই ছিল আলাদা কৌতূহল। কারণ, এই ফ্র্যাঞ্চাইজিতে প্রথমবার গল্পের একেবারে কেন্দ্রে দুই মহিলা এজেন্ট। শিব রাওয়াইল পরিচালিত ছবিতে আলিয়া ভাটের চরিত্র সীতা এবং শর্বরীর চরিত্র দুর্গা কউল—দুই চরিত্রই গল্পের গুরুত্বপূর্ণ অংশ।

তবে ব্যাপারটা শুধু দুই এজেন্টের মিশনে আটকে নেই। গল্প যত এগোয়, তত সামনে আসে তাদের নিজেদের সম্পর্কের রহস্যও। দুর্গা যে সীতার বিচ্ছিন্ন যমজ বোন, সেটিও গল্পের অন্যতম গুরুত্বপূর্ণ দিক। আর এই দুই চরিত্রকে ঘিরেই তৈরি হয় একের পর এক বিপদের পরিস্থিতি।
আরও পড়ুন – টেক্সাস থেকে বোস্টন, বাংলা ছবির নতুন ইতিহাস ‘বহুরূপী দ্য গোল্ডেন ডাকু’!
এর মধ্যে আবার হাজির ববি দেওল। ছবিতে (Alpha) তিনি কর্নেল ফতেহ সিং লখাওয়াতের চরিত্রে। তাঁর চরিত্রকে ঘিরেই গল্পে তৈরি হয় বড় সংঘাত। রয়েছে একটি বিশেষ গোপন কর্মসূচি এবং সেই কর্মসূচিকে ঘিরে তৈরি হওয়া বিপজ্জনক পরিস্থিতি। ফলে ‘আলফা’ (Alpha) কে শুধু সাধারণ স্পাই-থ্রিলার (Spy Thriller) বললে গল্পের পুরো ছবিটা ধরা যায় না।

ছবিতে (Alpha) গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন অনিল কাপুরও। আর স্পাই ইউনিভার্সের ভক্তদের জন্য রয়েছে আরও বড় চমক। হৃতিক রোশনকে দেখা যায় কবীর চরিত্রে। ‘ওয়ার’ (War) ছবির সেই চরিত্রই ‘আলফা’ (Alpha)-য় এসে এই ইউনিভার্সের সঙ্গে গল্পের যোগ আরও স্পষ্ট করে।

৩ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ‘আলফা’ (Alpha)। কিন্তু বক্স অফিসে ছবিটি প্রত্যাশিত সাফল্য পায়নি। ভারতে ছবিটির নেট আয় প্রায় ৫৮.৮৬ কোটি টাকা এবং বিশ্বজুড়ে আয় প্রায় ৯৯.১০ কোটি টাকা হয়েছে বলে বিভিন্ন বক্স অফিস রিপোর্টে উল্লেখ করা হয়েছে। সমালোচকদের প্রতিক্রিয়াও ছিল মিশ্র।
আরও পড়ুন – ‘এ মেরি জিন্দেগি…’, জন্মদিনে ফিরছে আশা ভোঁসলের শেষ রেকর্ড করা গান

এবার অবশ্য ছবিটির (Alpha) সামনে নতুন পরীক্ষা। সিনেমা হলে যে দর্শক পৌঁছতে পারেননি, তাঁদের কাছে এবার সরাসরি পৌঁছে যাবে ‘আলফা’। আর ওটিটিতে ছবি দেখার অভিজ্ঞতা অনেকটাই আলাদা। তাই প্রশ্ন একটাই—হল-এ যে ‘আলফা’ দর্শকদের পুরোপুরি সন্তুষ্ট করতে পারেনি, নেটফ্লিক্সে এসে কি সেই ছবিই নতুন করে আলোচনায় ফিরবে? উত্তর পেতে আর বেশি অপেক্ষা নেই। ২৮ অগস্ট থেকেই শুরু হচ্ছে ‘আলফা’-র ওটিটি যাত্রা।
