King Clash SRK vs Nagarjuna at Box Office: নাগার্জুন আক্কিনেনির ৬৭তম জন্মদিনে প্রকাশ্যে এল তাঁর কর্মজীবনের বিশেষ ছবি। প্রকাশিত হল ছবির নাম, মুক্তির তারিখ এবং প্রথম ঝলক। অভিনেতার ১০০তম ছবি হিসেবে নাম রাখা হয়েছে ‘কিং ১০০’ (King 100) । আগামী ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি।

আরও পড়ুন: ৪০-এ অ্যান্টি-এজিং? যৌবন ধরে রাখতে গিয়ে বিপদ ডাকছেন না তো?
তাৎপর্যপূর্ণ ভাবে একই দিনে প্রায় তিন বছর পর বড়পর্দায় ফিরছেন শাহরুখ খান। মুক্তি পাওয়ার কথা তাঁর বহু প্রতীক্ষিত ছবি ‘কিং’ (King)-এর। ফলে একই দিনে প্রায় একই নামের দুই ছবি মুক্তি ঘিরে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। বড়দিনের আবহে দুই ‘রাজা’র বক্স অফিসের লড়াই কতটা জমে ওঠে, এখন সেটাই দেখার।

নাগার্জুনের প্রযোজনা সংস্থা অন্নপূর্ণা স্টুডিয়োজ়ের তরফে জানানো হয়েছে, ২৪ ডিসেম্বর মুক্তি পাবে ‘কিং ১০০’ (King 100) । প্রকাশিত এক মিনিটের কিছু বেশি সময়ের প্রথম ঝলকে নাগার্জুনকে দেখা গিয়েছে একেবারে জাঁকজমকপূর্ণ ও শক্তিশালী চরিত্রে। ঝলক থেকে ইঙ্গিত মিলেছে, শূন্য থেকে সাফল্যের শিখরে পৌঁছনো এক মানুষের গল্পই তুলে ধরা হবে ছবিতে।

ভিডিয়োর শুরুতেই নাগার্জুনের চরিত্রকে অর্থ, ক্ষমতা এবং পরিচয় নিয়ে কথা বলতে দেখা যায়। তাঁর সংলাপ থেকে বোঝা যায়, একসময় নিঃস্ব থাকা সেই মানুষই পরবর্তীতে বিপুল অর্থ ও ক্ষমতার অধিকারী হয়ে ওঠেন। তবে সাফল্য পাওয়ার পর নিজের পরিচয় ধরে রাখার লড়াইও তাঁর জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে ওঠে।
ঝলকে নাগার্জুনের চরিত্রকে বলতে শোনা যায়, পৃথিবীতে দুই ধরনের মানুষ রয়েছে—যাদের টাকা আছে এবং যাদের টাকা নেই। একসময় অর্থ না থাকার কারণে তাঁকে ব্যর্থ বলা হলেও পরে অর্থ ও ক্ষমতার জোরে তিনি হয়ে ওঠেন ‘কিং’ (King 100) । সেই পরিচয়ই তাঁর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। ঝলকের বিভিন্ন দৃশ্যে তাঁর চরিত্রের এই পরিবর্তনেরই আভাস মিলেছে।

তবে ছবির মূল কাহিনি সম্পর্কে এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি। শেষ দৃশ্যে প্রকাশ করা হয় ছবির নাম ‘কিং ১০০’ (King 100) । সঙ্গে দেখা যায়, ‘রাজা দীর্ঘজীবী হোন’—এই বার্তা। জন্মদিনে নাগার্জুনের অনুরাগীদের জন্য এটি নিঃসন্দেহে বিশেষ উপহার।

‘কিং ১০০’ (King 100)-তে দীর্ঘ ২৭ বছর পর ফের একসঙ্গে পর্দায় দেখা যাবে নাগার্জুন এবং তব্বুকে। ১৯৯৬ সালে মুক্তি পাওয়া তেলুগু ছবি ‘নিন্নে পেলাডাটা’-য় প্রথম বার একসঙ্গে অভিনয় করেছিলেন তাঁরা। পরে ‘আভিদা মা আভিদে’ এবং ‘সিসিন্দ্রি’ ছবিতেও তাঁদের একসঙ্গে দেখা যায়। ছবিটি পরিচালনা করেছেন রা কার্তিক।
আরও পড়ুন: ৩০-এর পর ক্যানসার ঠেকাতে করুন এই ৩ পরীক্ষা
তবে আপাতত সবচেয়ে বেশি নজর কেড়েছে মুক্তির তারিখ। ২৪ ডিসেম্বর একই দিনে প্রেক্ষাগৃহে আসছে নাগার্জুনের ‘কিং ১০০’ (King 100) এবং শাহরুখ খানের ‘কিং’ (King) । নামের মিলও যথেষ্ট চমকপ্রদ। ফলে বড়দিনে বক্স অফিসে দুই ‘কিং’-এর লড়াই যে দর্শকদের আগ্রহের কেন্দ্রে থাকবে, তা বলাই যায়।
