দিল্লির কৈলাস এলাকায় সলমন খানের (Salman Khan) জিমে (Gym) আগুন লাগাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল। শুক্রবার রাতে জিমের প্রথম তলায় আচমকাই আগুন ধরে যায়। তবে পুলিশের তৎপরতায় দ্রুত জিমের ভিতরে থাকা সকলকে নিরাপদে বের করে আনা সম্ভব হওয়ায় ঘটনায় কোনও হতাহতের খবর নেই।

জানা গিয়েছে, রাত সাড়ে ১০টা নাগাদ জিমের (Gym) প্রথম তলা থেকে ধোঁয়া এবং আগুন বের হতে দেখা যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দিল্লি পুলিশ ও দমকলবাহিনী। দমকলকর্মীরা পৌঁছনোর আগেই পুলিশ জিমের ভিতরে থাকা সকলকে বাইরে বের করে আনে।
আরও পড়ুন – ‘স্পিরিট’–এ দীপিকার ‘না’-এর নেপথ্যে অন্য কারণ!
এর পর দমকলকর্মীরা আগুন নেভানোর কাজ শুরু করেন। বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন যাতে জিমের (Gym) অন্য অংশ বা আশপাশের এলাকায় ছড়িয়ে পড়তে না পারে, সে বিষয়েও সতর্ক ছিলেন দমকলকর্মীরা। সাধারণত ওই এলাকায় যথেষ্ট ভিড় থাকে। ফলে আগুনের ঘটনায় স্বাভাবিক ভাবেই আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আগুন লাগার সঠিক কারণ এখনও নিশ্চিত ভাবে জানা যায়নি। পুলিশের প্রাথমিক অনুমান, বৈদ্যুতিক গোলযোগ থেকেই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে বিষয়টি নিশ্চিত করতে তদন্ত শুরু হয়েছে। আগুনে জিমের (Gym) কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।
সলমন খানের নিজস্ব জিমের (Gym) ব্র্যান্ডেরই অংশ এই প্রতিষ্ঠান। শারীরিক সুস্থতা এবং শরীরচর্চা নিয়ে অভিনেতা বহু বার অনুরাগীদের উৎসাহিত করেছেন। সম্প্রতি তাঁর শারীরিক গঠনের পরিবর্তনও অনুরাগীদের নজর কেড়েছিল।
ঘটনার পর আপাতত জিম (Gym) চত্বর ঘিরে রেখেছে পুলিশ। আগুনের প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষ হওয়ার পর আরও স্পষ্ট হবে বলে জানা যাচ্ছে।
আরও পড়ুন – ৮ দিনেই ১৭০ কোটি, বক্সঅফিসে ঝড় ইমরানের ‘আওয়ারাপন ২’

এদিকে কাজের দিক থেকে সলমন বর্তমানে তাঁর পরবর্তী ছবি ‘মাতৃভূমি’ নিয়ে ব্যস্ত। ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করছেন চিত্রাঙ্গদা সিংহ। যদিও ছবিটির মুক্তির তারিখ এখনও চূড়ান্ত হয়নি।
