ভাবুন তো, এমন একদিন যদি আসে যখন এইচআইভি ভাইরাস (HIV) নিয়ন্ত্রণে রাখতে বারবার ইঞ্জেকশন বা জটিল চিকিৎসার বদলে একটি সাধারণ ট্যাবলেটই যথেষ্ট হবে! এখনও সেই দিন আসেনি, তবে বিজ্ঞানীরা এমন এক নতুন ওষুধ নিয়ে আশার কথা শোনাচ্ছেন, যা AIDS– র বিরুদ্ধে শক্তিশালী অস্ত্র হয়ে উঠতে পারে।
নতুন এই ওষুধের নাম VH-499 বা VH4011499। গবেষকদের দাবি, এটি HIV-1 ভাইরাসের বংশবৃদ্ধির ক্ষমতাকে বাধা দিতে পারে। সবচেয়ে বড় বিষয়, এটি ইঞ্জেকশন বা অস্ত্রোপচারের মাধ্যমে নয়, ট্যাবলেট হিসেবেই নেওয়ার সম্ভাবনা রয়েছে।
এই গবেষণার সঙ্গে যুক্ত রয়েছেন আমেরিকান সোসাইটি ফর মাইক্রোবায়োলজির গবেষকেরা। তাঁদের গবেষণার ফলাফল প্রকাশিত হয়েছে ‘Clinical Infectious Diseases’ জার্নালে। তবে এখনই বলা যাবে না যে এই ওষুধ AIDS পুরোপুরি সারিয়ে দেবে। কারণ ওষুধটি এখনও গবেষণা ও ক্লিনিক্যাল পরীক্ষার পর্যায়ে রয়েছে।
কীভাবে কাজ করতে পারে VH-499?
এইচআইভি ভাইরাস (HIV) শরীরে ঢোকার পর প্রথমেই আক্রমণ করে রোগ প্রতিরোধ ক্ষমতার গুরুত্বপূর্ণ অংশ CD4 টি-সেলকে। এই ভাইরাস ধীরে ধীরে শরীরের প্রতিরোধ ব্যবস্থা দুর্বল করে দেয়। ফলে সাধারণ সংক্রমণও অনেক সময় বড় ঝুঁকির কারণ হয়ে ওঠে।

গবেষকদের মতে, VH-499-এর লক্ষ্য হল ভাইরাসের ‘ক্যাপসিড’ নামের একটি সুরক্ষাকবচকে দুর্বল করা। এই ক্যাপসিড প্রোটিন ভাইরাসকে শরীরের ভিতরে টিকে থাকতে এবং বংশবৃদ্ধি করতে সাহায্য করে। এই অংশে আঘাত করতে পারলে ভাইরাসের বৃদ্ধি অনেকটাই থামানো সম্ভব হতে পারে বলে বিজ্ঞানীদের ধারণা।
আরও পড়ুন – অতিরিক্ত চিন্তাতেই কি হারিয়ে ফেলছেন নিজেকে?
পাশাপাশি, এই ওষুধ শরীরের বি ও টি লিম্ফোসাইট কোষগুলির কার্যকলাপ বাড়িয়ে ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ তৈরি করতে সাহায্য করতে পারে বলেও দাবি করা হয়েছে।
পরীক্ষায় কী ফল পাওয়া গিয়েছে?
VH-499-এর দ্বিতীয় পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়ালে ২৩ জন HIV আক্রান্ত রোগীর উপর ওষুধটি পরীক্ষা করা হয়। এই রোগীদের আগে কোনও এইচআইভি ভাইরাস (HIV) চিকিৎসা দেওয়া হয়নি। তাঁদের বিভিন্ন মাত্রার ডোজে ওষুধটি দেওয়া হয়েছিল।
গবেষকদের দাবি, ওষুধ খাওয়ার প্রায় ১১ দিনের মধ্যে অনেক রোগীর শরীরে ভাইরাসের মাত্রা কমতে দেখা যায়। বেশি ডোজ নেওয়া রোগীদের ক্ষেত্রেও সংক্রমণের তীব্রতা কমার ইঙ্গিত পাওয়া যায়। পরীক্ষায় তেমন গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়ার তথ্যও পাওয়া যায়নি।
তবে এই ফলাফল প্রাথমিক পর্যায়ের। আরও বড় সংখ্যক মানুষের উপর দীর্ঘ সময় ধরে পরীক্ষা না হলে ওষুধটির প্রকৃত কার্যকারিতা নিশ্চিত করা সম্ভব নয়।
বর্তমানে AIDS বা HIV-এর চিকিৎসা কীভাবে হয়?
বর্তমানে AIDS – গুরুত্বপূর্ণ চিকিৎসা হল অ্যান্টিরেট্রোভাইরাল থেরাপি (ART)। নিয়মিত ওষুধ গ্রহণ করলে অনেক HIV আক্রান্ত মানুষ দীর্ঘদিন সুস্থ ও স্বাভাবিক জীবনযাপন করতে পারেন। তবে এখনও পর্যন্ত এমন কোনও চিকিৎসা নেই, যা শরীর থেকে HIV ভাইরাসকে সম্পূর্ণভাবে নির্মূল করে দিতে পারে। তাই চিকিৎসার মূল লক্ষ্য থাকে ভাইরাসের সংখ্যা নিয়ন্ত্রণে রাখা এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বজায় রাখা।
Lenacapavir-এর সঙ্গে VH-499-এর পার্থক্য কোথায়?
বর্তমানে Lenacapavir নামের একটি ওষুধ HIV চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এটিও HIV-এর ক্যাপসিড প্রোটিনকে লক্ষ্য করে কাজ করে। তবে এটি সাধারণ প্রতিদিনের ট্যাবলেটের মতো ব্যবহার করা হয় না।
VH-499 সফল হলে এর বড় সুবিধা হতে পারে, কারণ এটি ট্যাবলেট আকারে ব্যবহার করার সম্ভাবনা রয়েছে। ফলে রোগীদের চিকিৎসা নেওয়া আরও সহজ হতে পারে।
AIDS নিরাময়ের পথ কি খুলে দেবে এই ওষুধ?
VH-499 নিয়ে আশার কারণ থাকলেও এখনই এটিকে AIDS-এর সম্পূর্ণ নিরাময় বলা যাবে না। HIV একটি জটিল ভাইরাস, যা শরীরের ভিতরে দীর্ঘদিন লুকিয়ে থাকতে পারে। তাই সম্পূর্ণ নিরাময়ের জন্য এখনও আরও গবেষণা প্রয়োজন।
আরও পড়ুন – ই-কেওয়াইসি না করলেই বড় ধাক্কা! গ্যাস কিনতে হতে পারে প্রায় দ্বিগুণ দামে
তবে নতুন এই গবেষণা প্রমাণ করছে, HIV-এর বিরুদ্ধে বিজ্ঞানীদের লড়াই থেমে নেই। ভবিষ্যতে আরও সহজ, নিরাপদ এবং কার্যকর চিকিৎসা মানুষের হাতে পৌঁছতে পারে—এই আশাই তৈরি করছে VH-499।



