আজ, ১৬ জুন। বলিউডের আইকনিক ‘ডিস্কো ডান্সার’ এবং আপামর বাঙালির প্রাণের মানুষ ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তীর জন্মদিন। বয়স যে তাঁর কাছে নিছকই একটি সংখ্যা মাত্র, তা তিনি বারবার প্রমাণ করেছেন। আজও তিনি ক্যামেরার সামনে দাঁড়ালে প্রেক্ষাগৃহে মুগ্ধতার ঝড় ওঠে, করতালিতে ফেটে পড়ে দর্শকাসন।
আরও পড়ুন – হাসিমুখের আড়ালে লুকিয়ে ছিল অবসাদ, সঞ্চিতার অকালমৃত্যুতে কাঠগড়ায় গ্ল্যামার ওয়ার্ল্ড!
বর্তমান যুগে দাঁড়িয়ে একজন প্রথম সারির তারকা বছরে দু-তিনটির বেশি সিনেমায় অভিনয়ের কথা কল্পনাও করতে পারেন না। কিন্তু মিঠুন চক্রবর্তীর কেরিয়ারের মধ্যগগনের পরিসংখ্যান শুনলে আজও বিস্ময়ে হতবাক হতে হয়। একটি মাত্র বছরে তাঁর অভিনীত ১৯টি সিনেমা মুক্তির মুখ দেখেছিল!

এই অকল্পনীয় নজিরের জন্য ‘লিমকা বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস’-এ জ্বলজ্বল করছে এই কিংবদন্তির নাম। সে এক চরম উন্মাদনার যুগ। অভিনেতা নিজেই জানিয়েছিলেন, সেই সময়ে তিনি একসঙ্গে প্রায় ৬৫টি ছবির শুটিংয়ের কাজে যুক্ত ছিলেন। দিন-রাত এক করে অবিরাম ছুটে বেড়িয়েছেন এক স্টুডিয়ো থেকে অন্য ফ্লোরে।
আরও পড়ুন –‘তোকে চিনতেই পারিনি’! ‘অভিমান’-এ প্রসেনজিতের লুক দেখে বিস্মিত বিশ্বজিৎ
দীর্ঘ অভিনয় জীবনে ইতিমধ্যেই ৩৮০টিরও বেশি ছবিতে অভিনয় করে ফেলেছেন তিনি। তবে এখন আর সংখ্যার ইঁদুরদৌড় নয়, বরং স্রেফ আত্মতৃপ্তি এবং মনের আনন্দের জন্যই ক্যামেরার মুখোমুখি হন অভিনেতা। এই বয়সে এসেও তাঁর ঝুলিতে রয়েছে এমন সব দুর্দান্ত প্রজেক্ট, যা যেকোনো তরুণ অভিনেতার কাছেও পরম ঈর্ষার বিষয়। খুব শীঘ্রই তাঁকে দেখা যাবে দক্ষিণী মেগাস্টার প্রভাসের সঙ্গে ‘ফৌজি’ এবং থালাইভা রজনীকান্তের সঙ্গে ‘জেলার ২’ ছবিতে।
জন্মদিনের এই বিশেষ লগ্নে দাঁড়িয়ে এ কথা অনস্বীকার্য যে, সিনেমার আঙিনায় তাঁর জাঁকজমক আজও অম্লান। তিনি গতকালও বিনোদন জগতের সম্রাট ছিলেন, আর আজও তিনিই রাজা!


