মুক্তির পর থেকেই দর্শকদের মন জয় করেছে জনপ্রিয় ওয়েব সিরিজ ‘মুসাফির ক্যাফে’ (Musafir Cafe)। সম্পর্কের টানাপোড়েন, ভালোবাসা, বিচ্ছেদ এবং জীবনের বদলে যাওয়া সমীকরণকে কেন্দ্র করে গড়ে ওঠা এই সিরিজ দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলেছিল। সামাজিক মাধ্যমেও সিরিজটি নিয়ে দীর্ঘদিন ধরে চলেছে আলোচনা। সেই জনপ্রিয়তার জেরেই এবার আনুষ্ঠানিকভাবে প্রকাশ্যে এল ‘মুসাফির ক্যাফে’-র দ্বিতীয় মরশুমের প্রোমো।

আরও পড়ুন – Chandipura virus : জ্বরের সঙ্গে খিঁচুনি বা ঝিমুনি? হতে পারে চাঁদিপুরা ভাইরাসের লক্ষণ
নতুন প্রোমোতে ইঙ্গিত মিলেছে, দ্বিতীয় সিজনে আরও জটিল হতে চলেছে চন্দর, সুধা এবং প্রীতির সম্পর্কের সমীকরণ। সিরিজের ক্যাপশনে লেখা হয়েছে, ‘অসম্পূর্ণ প্রেমের গল্প সম্পূর্ণ করতে ফিরছে দ্বিতীয় মরশুম।’ (Musafir Cafe) প্রথম সিজনের শেষেই যে নতুন অধ্যায়ের আভাস দেওয়া হয়েছিল, সেই গল্পই এবার আরও বিস্তৃতভাবে তুলে ধরা হবে।

প্রোমোয় মহিমা মাকওয়ানা বলেন, “আপনাদের এত ভালোবাসা পাওয়ার পর কি গল্পটা এখানেই শেষ করে দেওয়া যায়?” উত্তরে বেদিকা পিন্টো জানান, “গল্প তো কখনও শেষ হয় না।” তাঁদের কথোপকথনে যোগ দিয়ে বিক্রান্ত ম্যাসি, অর্থাৎ চন্দর বলেন, “গল্প শুধু মাঝে মাঝে সাময়িক বিরতি নেয়।” এই সংলাপই নতুন মরশুম ঘিরে দর্শকদের কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে।
আরও পড়ুন – Howrah Station: কালজয়ী ‘বড় ঘড়ি’! ১০০ বছরের অবিচল যাত্রার এক আবেগঘন গল্প
দ্বিতীয় সিজন (Musafir Cafe) নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন পরিচালক রুচির অরুণও। তাঁর কথায়, এই চরিত্রগুলিকে বিদায় জানানোর জন্য তিনি নিজেও প্রস্তুত ছিলেন না। দর্শকদের বিপুল ভালোবাসাই প্রমাণ করেছে যে, এই গল্পের এখনও অনেকটা পথ বাকি। তাই নতুন মরশুমে দর্শকদের জন্য আরও আবেগ, সম্পর্কের টানাপোড়েন এবং অপ্রত্যাশিত মোড় অপেক্ষা করছে।

প্রথম সিজনে দেখানো হয়েছিল, ভালোবাসা সবসময় একসঙ্গে থাকার নিশ্চয়তা দেয় না। জীবনের লক্ষ্য ও স্বপ্ন বদলে গেলে সম্পর্কও বদলে যেতে পারে। আলাদা পথে হাঁটলেও মনের এক কোণে থেকে যায় পুরনো স্মৃতি ও অসম্পূর্ণ অনুভূতি। সেই অসমাপ্ত সম্পর্কের গল্পই এবার নতুন অধ্যায়ে কোন দিকে মোড় নেবে, তার উত্তর মিলবে ‘মুসাফির ক্যাফে’-র (Musafir Cafe) দ্বিতীয় মরশুমে।



