একটা শহর ঘুরে এলেন, ছবি তুললেন, বিখ্যাত জায়গাগুলোও দেখে ফেললেন। কিন্তু একটা প্রশ্নেই সব হিসেব উলটে যেতে পারে—“ওখানকার বিখ্যাত খাবারটা (Famous foods) খেলেন?” উত্তর যদি হয়, “না”, তাহলে সত্যিই কি সেই শহরটা ঘোরা হল? তাই শুধু ট্র্যাভেলহোলিক হলেই হবে না, সঙ্গে ফুডহোলিক মানে খাদ্যরসিকও হতে হবে । কারণ ভারতের অনেক শহরকে শুধু তার স্থাপত্য, ইতিহাস বা সংস্কৃতি দিয়ে চেনা যায় না—চেনা যায় তার খাবারের গন্ধেও। দেশের সরকারি পর্যটন সংস্থাগুলিও বিভিন্ন শহরের বিশেষ খাবারকে সেই শহরের সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ হিসেবে তুলে ধরে।
তাই ব্যাগ গুছিয়ে বেরোনোর আগে একবার দেখে নিন—কোন শহরে গেলে কোন খাবারটা (Famous foods) একেবারেই মিস করা চলবে না?
আরও পড়ুন – হেলথ চেকআপ করছেন তো? বিপদ কিন্তু চুপিসারে আসে
কলকাতা—বিরিয়ানি আর মিষ্টির টান

কলকাতায় এসে শুধু ভিক্টোরিয়া বা গঙ্গার ঘাট দেখলে হবে? পেটকেও তো একটু কলকাতা দেখাতে হবে! আর সেখানে কলকাতা বিরিয়ানি-র কথা না বললেই নয়। নরম মাংস, সুগন্ধি চাল আর সেই পরিচিত আলুর টুকরো— একমাত্র কলকাতার বিরিয়ানিতেই আলুর ব্যাবহার রয়েছে। আসলে কলকাতার বিরিয়ানির নিজস্ব ভঙ্গি রয়েছে কিনা।
আর খাবারের শেষে সন্দেশ বা রসগোল্লাআর মিষ্টি দই? কলকাতার মিষ্টির স্বাদ না নিয়ে শহর ছাড়লে বাঙালির কাছে ব্যাপারটা বেশ অসম্পূর্ণই মনে হতে পারে। Incredible India-র কলকাতা ফুড গাইডেও শহরের বিরিয়ানি ও ঐতিহ্যবাহী মিষ্টির গুরুত্ব (Famous foods) তুলে ধরা হয়েছে।
দিল্লি—চাট থেকে ছোলে ভাটুরে

দিল্লিতে রাস্তার খাবারের সামনে দাঁড়ালে একটা সমস্যা— যেকোনো একটা খাবার বেছে নেওয়া! গোলগাপ্পা, আলু টিক্কি, চাট, কুল্লে-কি-চাট— এই তালিকা যেন শেষই হয় না।
তারপর তো আছে ছোলে ভাটুরে। মশলাদার ছোলার সঙ্গে ফুলে ওঠা ভাটুরে—দিল্লির স্ট্রিট ফুডের অন্যতম পরিচিত জুটি। আর জানেন কি, বিরাট কোহলিও দিল্লির ছোলে ভাটুরের ভক্ত। এক সাক্ষাৎকারে নিজের পছন্দের চিট মিল হিসেবে দিল্লির ছোলে ভাটুরের কথা জানিয়েছিলেন তিনি। দিল্লি পর্যটনের সরকারি তথ্যেও শহরের চাট ও স্থানীয় খাবারের বৈচিত্র্যের (Famous foods) কথা তুলে ধরা হয়েছে।
হায়দরাবাদ—এক প্লেট বিরিয়ানিই যথেষ্ট

হায়দরাবাদের নাম উঠলেই যে খাবারটির কথা সবার আগে আসে, সেটি হায়দরাবাদি বিরিয়ানি। সুগন্ধি চাল, মাংস আর মশলার সঙ্গে ‘দম’ পদ্ধতিতে রান্নাই এই বিরিয়ানির অন্যতম বৈশিষ্ট্য।
এই খাবারের (Famous foods) সঙ্গে হায়দরাবাদের পরিচয় এতটাই গভীর যে সরকারি পর্যটন গাইডেও বিরিয়ানিকে শহরের খাদ্যসংস্কৃতির অন্যতম পরিচায়ক বলা হয়েছে।
লখনউ— নরম কাবাবের রহস্য

লখনউ , নামেই একটা নবাবি স্বাদ রয়েছে। আর সেই স্বাদের সঙ্গে জড়িয়ে আছে গালৌটি কাবাব। Awadhi খাবারের ঐতিহ্যের অন্যতম পরিচিত পদ এটি। তবে শুধু কাবাবেই থামবেন কেন? লখনউয়ের নিহারি, বিরিয়ানি ও কচুরিও খাবারের তালিকায় জায়গা করে নিয়েছে। শহরের পুরনো বাজারগুলিতে ঘুরতে ঘুরতে খাবারের এই বৈচিত্র্যই সফরটাকে অন্যরকম করে দিতে পারে।
অমৃতসর—কুলচা না খেলে কীসের অমৃতসর?

স্বর্ণমন্দির দেখে ফিরলেন, কিন্তু অমৃতসরি কুলচা খেলেন না— পরে কিন্তু আফসোস করবেন না!
মশলাদার পুরভরা কুলচা, সঙ্গে ছোলে—অমৃতসরের জনপ্রিয় খাবারের অন্যতম পরিচিত জুটি। আর সঙ্গে ঠান্ডা লস্যি থাকলে জমে যায় পুরো ব্যাপারটা। সরকারি পর্যটন তথ্যেও কুলচা ও লস্যিকে অমৃতসরের খাবারের বিশেষ আকর্ষণ (Famous foods) হিসেবে উল্লেখ করা হয়েছে।
বারাণসী—সকালের কচুরি, শেষে পান

বারাণসীর গলি মানেই শুধু মন্দির আর ঘাট নয়। ভোরের দিকে কোনও দোকান থেকে ভেসে আসা কচুরি-সবজির গন্ধও শহরটার আলাদা পরিচয়।
তার সঙ্গে টমেটো চাট, লস্যি কিংবা স্থানীয় মিষ্টি। আর সবশেষে? বানারসি পান। বারাণসীর খাবারের (Famous foods) অভিজ্ঞতায় পানের জায়গাটা এতটাই পরিচিত যে শহরে গিয়ে একবার চেখে দেখার অভিজ্ঞতাটাও পর্যটকদের কাছে আলাদা আকর্ষণ।
চেন্নাই—দোসার পাতেই দক্ষিণের স্বাদ

চেন্নাইয়ের সকালটা যদি দোসা, ইডলি আর মেদু বড়া দিয়ে শুরু হয়, মন্দ কী! নারকেলের চাটনি, সাম্বার আর গরম দোসার জুটি দক্ষিণ ভারতীয় খাবারের অন্যতম পরিচিত স্বাদ।
বিশেষ করে দোসা—চাল ও ডালের ফারমেন্টেড ব্যাটার দিয়ে তৈরি এই পদ দক্ষিণ ভারতের খাবারের পরিচয়ের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে। Incredible India-ও চেন্নাইয়ের খাবারের তালিকায় (Famous foods) দোসার বিশেষ গুরুত্বের কথা জানিয়েছে।
আরও পড়ুন – সবজি দেখলেই পালাচ্ছে সন্তান? এই ৩ ম্যাজিক রেসিপিতে নিমেষেই খালি হবে টিফিন বক্স!
শেষ পর্যন্ত ব্যাপারটা শুধু পেট ভরানোর নয়। ভারতের এক শহর থেকে আরেক শহরে গেলেই ভাষা, ইতিহাস আর সংস্কৃতির সঙ্গে বদলে যায় রান্নাঘরের স্বাদও। তাই পরের সফরে শুধু “কোথায় যাব?” নয়—একবার জিজ্ঞেস করে দেখুন, “সেখানে গিয়ে কী খাব (Famous foods)?” অনেক সময় সেই এক প্রশ্নই একটা গোটা শহরকে নতুন করে চিনিয়ে দেয়।
