চব্বিশ ঘণ্টারও কম সময়ের অপেক্ষা। রাত পোহালেই ভক্তদের জন্য বড়সড় সারপ্রাইজ নিয়ে হাজির হতে চলেছেন দেব-শুভশ্রী জুটি (Deshu 7)। তার আগেই অনুরাগীদের উদ্দেশে আগাম বার্তা দিয়েছেন দেব। নিজেদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল থেকে সুখবরের ইঙ্গিত দিয়েছেন দু’জনেই। ফলে এখন ভক্তদের নজর একটাই—‘দেশু ৭’-এর আগামী চমক কী?

রবিবার সকালে লাদাখে ‘দেশু ৭’(Deshu 7)-এর শুটিংয়ের ফাঁকে একসঙ্গে কাটানো কয়েকটি মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নেন দেব ও শুভশ্রী। ছবির সঙ্গে তাঁদের বার্তা, ‘বিগ ডে টুমরো’। অর্থাৎ, সোমবারই বড় কোনও ঘোষণা আসতে চলেছে। এর আগে শনিবারও ‘দেশু ৭’-এর একটি দৃশ্য শেয়ার করে দেব জানিয়েছিলেন, ৩১ আগস্ট সকাল ১১টায় লাইভে এসে অনুরাগীদের চমকে দেবেন তিনি। স্বাভাবিকভাবেই এখন সেই ঘোষণার অপেক্ষায় প্রহর গুনছেন ভক্তরা।

আরও পড়ুন – বেবি সানস্ক্রিনের ক্ষেত্রে এই ভুল একবারেই নয়
‘দেশু ৭’(Deshu 7)-কে ঘিরে শুরু থেকেই একের পর এক চমক সামনে এসেছে। ছবির ঘোষণা থেকে শুরু করে শুটিং—প্রতিটি পর্বেই নতুন চমক রেখেছেন দেব। এমনকী ছবির জার্নির শুরুটাও ছিল বেশ নাটকীয়। পরিচালক-অভিনেতা দেব নিজেই জানিয়েছিলেন, রাত দু’টোয় শুভশ্রীকে ফোন করে ছবিটি নিয়ে তাঁর মনের কথা বলেছিলেন। ‘দেশু ৭’-এর র্যাপ-আপ পার্টিতেই সেই ঘটনা প্রকাশ্যে এনেছিলেন তিনি।

এবার প্রথমবার পরিচালকের আসনে দেব। তাঁর পরিচালনায় অভিনয় করছেন শুভশ্রী। দীর্ঘ বিরতির পর ফের একসঙ্গে পর্দায় দেখা যাবে জনপ্রিয় এই জুটিকে। পুরনো রসায়নকে নতুন মোড়কে দর্শকদের সামনে হাজির করতে চলেছে ‘দেশু ৭’(Deshu 7) ।ফলে ছবিটি ঘিরে এমনিতেই তৈরি হয়েছে প্রবল কৌতূহল।
বিতর্ক, মান-অভিমান এবং দীর্ঘ এক যুগের বিরতির পর ফের দেব-শুভশ্রী জুটিকে বড় পর্দায় দেখতে চলেছেন দর্শক। ২০২৬-এর পুজোর বক্স অফিসে ‘দেশু ৭’ (Deshu 7) যে অন্যতম আকর্ষণ হতে চলেছে, তা নিয়ে কোনও সংশয় নেই। এর মধ্যেই ছবিকে ঘিরে প্রচারের কৌশলেও একের পর এক অভিনব পদক্ষেপ দেখা যাচ্ছে।

এর আগেও সোমবারেই ‘দেশু ৭’ (Deshu 7)নিয়ে বড় ঘোষণা করেছিলেন দেব-শুভশ্রী। ১৯ জানুয়ারি ‘দেশু ৭’-এর ফার্স্ট ডে ফার্স্ট শো ইভেন্টের ঘোষণা করা হয়েছিল। সেই ঘোষণার পর নির্ধারিত সোমবার ফেসবুক লাইভে এসে যুগলে জানিয়েছিলেন, ভারতীয় সিনেমার ইতিহাসে প্রথমবারের মতো ফার্স্ট ডে ফার্স্ট শো ইভেন্টকে বড়সড় এক উদযাপনে পরিণত করার পরিকল্পনা রয়েছে তাঁদের।
ছবির নাম এবং গল্প নিয়েও দীর্ঘদিন ধোঁয়াশা বজায় রেখেছিলেন নির্মাতারা। একই সঙ্গে রিলিজের প্রায় ১০ মাস আগেই অগ্রিম বুকিং শুরু করার মতো অভিনব সিদ্ধান্ত নেওয়া হয়। দেব-শুভশ্রী জানিয়েছিলেন, বাংলা সিনেমাকে উদযাপন করতেই এই উদ্যোগ। অগ্রিম বুকিংয়ের জন্য নির্দিষ্ট সংখ্যক টিকিট রাখা হয়েছিল এবং দর্শকদের বিশেষ অভিজ্ঞতা দিতে ‘গোল্ড টিকিট’-এর ব্যবস্থাও করা হয়েছিল।
আরও পড়ুন – একই দিনে দুই ‘কিং’! বড়দিনে শাহরুখ না নাগার্জুন—কার রাজত্ব হবে বক্স অফিসে?

ফলে আরও এক সোমবার, আরও এক ঘোষণার সামনে দাঁড়িয়ে ‘দেশু ৭’( Deshu7) -এর অনুরাগীরা। দেবের দেওয়া সময় অনুযায়ী, ৩১ আগস্ট সকাল ১১টায় প্রকাশ্যে আসতে পারে সেই বহু প্রতীক্ষিত চমক। ঠিক কী ঘোষণা করবেন দেব-শুভশ্রী, তা জানতে এখন শুধু অপেক্ষার পালা।
