সিনেমাপ্রেমীদের জন্য এর চেয়ে বড় আনন্দের খবর আর কী-ই বা হতে পারে! ২০০৯ সালে যে তিন বন্ধু গোটা দেশকে ‘অল ইজ ওয়েল’-এর জাদুকরী মন্ত্র শিখিয়েছিলেন, তাঁরাই আবার ফিরছেন বড় পর্দায়। হ্যাঁ, ঠিকই ধরেছেন। ভারতীয় চলচ্চিত্রের অন্যতম সফল ও কালজয়ী সিনেমা ‘থ্রি ইডিয়টস’-এর সিক্যুয়েল আসতে চলেছে। তবে এবার আর কলেজের ক্লাসরুম, পরীক্ষার চাপ কিংবা হোস্টেলের করিডোর নয়; র্যাঞ্চো, ফারহান আর রাজুকে দেখা যাবে জীবনের একেবারে নতুন এবং বাস্তবসম্মত মোড়ে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে পরিচালক রাজকুমার হিরানি খোলসা করেছেন ‘৩ ইডিয়টস ২’-এর মূল ভাবনা। তিনি এবং তাঁর দীর্ঘদিনের সহযোগী চিত্রনাট্যকার অভিজাত জোশী ইতিমধ্যেই এই ছবির স্ক্রিপ্ট নিয়ে কোমর বেঁধে নেমে পড়েছেন।
হিরানি জানিয়েছেন, নতুন গল্পে চরিত্রগুলোকে দেখা যাবে ১৫ থেকে ২০ বছর পরের এক আবহে। কলেজ জীবনের পাঠ চুকিয়ে তারা এখন প্রত্যেকেই বিবাহিত, সংসারী এবং সন্তানের বাবা। ফলে স্বাভাবিকভাবেই জীবনের এই মধ্যগগনে এসে তাদের তাড়া করে বেড়াচ্ছে ‘মিড-লাইফ ক্রাইসিস’ বা মাঝবয়সের মানসিক টানাপোড়েন। তবে প্রথম পর্বের মতোই এই ছবিতেও লুকিয়ে থাকবে এক মস্ত বড় সামাজিক বার্তা এবং হিরানি-সুলভ চেনা রসবোধ।
আরও পড়ুন: রেকর্ডের অন্য নাম মিঠুন চক্রবর্তী! জন্মদিনে সামনে এল মহাগুরুর কেরিয়ারের সিক্রেট!

ছবির সিক্যুয়েল আসার খবরে আগেই সিলমোহর দিয়েছিলেন খোদ আমির খান। ফুনসুক ওয়াংড়ু বা রানচোর চরিত্রে আবারও ক্যামেরার সামনে দাঁড়ানোর জন্য অত্যন্ত উৎসাহিত তিনি। আমির এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, ছবির গল্পটি ইতিমধ্যেই তাঁর বেশ পছন্দ হয়েছে এবং এতে আগের মতোই মন ছুঁয়ে যাওয়া চেনা হাস্যরস রয়েছে।

আমির খান ছাড়াও এই সিক্যুয়েলে আর মাধবন (ফারহান), শর্মন জোশী (রাজু) এবং করিনা কাপুর খানের ফেরার সম্ভাবনা প্রায় নিশ্চিত। তবে চতুর (ওমি বৈদ্য) কিংবা ভাইরাস (বোমান ইরানি)-এর মতো আইকনিক চরিত্রদের আবার দেখা যাবে কি না, তা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত জানা যায়নি।
আরও পড়ুন:‘গুনগুন করে মহুয়া’: উত্তম কুমার থেকে তরুণ মজুমদার, মহুয়ার বায়োপিকে চাঁদের হাট!
২০০৯ সালে মাত্র ৫৫ কোটি টাকা বাজেটে তৈরি ‘৩ ইডিয়টস’ বিশ্বজুড়ে ৪০০ কোটিরও বেশি ব্যবসা করে বক্স অফিসে ইতিহাস তৈরি করেছিল। ভারতীয় শিক্ষাব্যবস্থার অন্ধ অনুকরণকে বুড়ো আঙুল দেখিয়ে নিজের স্বপ্নকে তাড়া করার যে বার্তা ছবিটি দিয়েছিল, তা আজও কোটি কোটি তরুণের অনুপ্রেরণা।


