বিশ্বজনিত নেল আর্টস (Nail Art) চলছে রমরমিয়ে। নখে রঙিন ডিজাইন, চকচকে জেল ফিনিশ, কখনও আবার পছন্দের ছবি বা স্টোন—নেল আর্ট এখন মেকআপের বেশ জনপ্রিয় অংশ। কিন্তু পার্লারে বসে হাতটা এগিয়ে দেওয়ার আগে একবারও ভেবে দেখেছেন যে এটা স্কিনে কত ধরনের ক্ষতি করতে পারে? একবার কি দেখে নিচ্ছেন, নখে ঠিক কী লাগানো হচ্ছে? কারণ নেল আর্টের সৌন্দর্যের আড়ালে কিছু রাসায়নিক নিয়ে সত্যিই সতর্ক হওয়ার কারণ আছে।

বিশেষ করে আলোচনায় এসেছে TPO বা Trimethylbenzoyl Diphenylphosphine Oxide। এটি একটি রাসায়নিক যৌগ, যা মূলত photoinitiator হিসেবে ব্যবহৃত হয়—অর্থাৎ UV/LED আলো পেলে জেল নেল পলিশ শক্ত হতে সাহায্য করে।
আরও পড়ুন – জীবন্ত ইতিহাসের দলিল! হারিয়ে যাওয়া জৈন সংস্কৃতির বুকে এক রূপকথার সফর
কিন্তু এত আলোচনা কেন?
কারণ ইউরোপীয় ইউনিয়ন TPO-কে Category 1B reproductive toxicant হিসেবে শ্রেণিবদ্ধ করেছে। সহজ কথায়, প্রজননক্ষমতার জন্য সম্ভাব্য ক্ষতিকর রাসায়নিক হিসেবে এটিকে চিহ্নিত করা হয়েছে। এই শ্রেণিবিন্যাসের পর ১ সেপ্টেম্বর ২০২৫ থেকে EU-তে প্রসাধনীতে TPO নিষিদ্ধ হয়েছে। TPO-যুক্ত সংশ্লিষ্ট নেল প্রোডাক্টও এই নিষেধাজ্ঞার আওতায় পড়ে।

তবে এখানেই আরেকটি গুরুত্বপূর্ণ কথা। “TPO ব্যাবহার করলেই বন্ধ্যাত্ব হবে” বা “গর্ভবতী মহিলা একবার নেল আর্ট (Nail Art) করলেই গর্ভস্থ শিশুর ক্ষতি হবে”—এমন সরাসরি দাবি করার মতো গবেষণা নেই। EU-র নিষেধাজ্ঞা মূলত উপাদানটির reproductive toxicity classification-এর ভিত্তিতে। তাই ভয় না ছড়িয়ে সতর্ক হওয়াটাই বেশি জরুরি।
নেল আর্টে (Nail Art) ত্বকের অ্যালার্জির ঝুঁকিও বাস্তব। বিশেষ করে জেল বা দীর্ঘস্থায়ী নেল কসমেটিকসে থাকা acrylate/methacrylate থেকে allergic contact dermatitis হতে পারে। নখের চারপাশে লালভাব, চুলকানি, জ্বালা, ফুসকুড়ি, এমনকী নখের পরিবর্তনও দেখা দিতে পারে। গবেষণায় HEMA-সহ বিভিন্ন acrylate-কে এই অ্যালার্জির সঙ্গে যুক্ত পাওয়া গেছে। কখনও সমস্যা শুধু আঙুলেই আটকে থাকে না—হাত দিয়ে মুখ বা চোখে হাত দেওয়ার কারণে চোখের পাতা, মুখ বা ঘাড়েও dermatitis দেখা দিতে পারে।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, অ্যালার্জি একবার sensitisation তৈরি করলে পরে একই বা সম্পর্কিত রাসায়নিকের সংস্পর্শে আবার সমস্যা হতে পারে। তাই নেল আর্ট (Nail Art) করার পর বারবার চুলকানি বা জ্বালা হলে সেটাকে “সামান্য সমস্যা” ভেবে চালিয়ে যাওয়া ঠিক নয়। প্রয়োজন হলে চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ এবং patch testing-এর মাধ্যমে কারণ খুঁজে বের করা যায়।
তাহলে নেল আর্ট করলে কী করবেন?
প্রথমত, উপাদানের তালিকা দেখুন। TPO-free পণ্য বেছে নেওয়া বুদ্ধিমানের কাজ। তবে শুধু TPO-free হলেই যে পণ্যটি অ্যালার্জিমুক্ত, তা নয়।
দ্বিতীয়ত, জেল যেন নখের পাশের ত্বকে না লাগে এবং ভুলভাবে লাগলে সেটি রেখে UV/LED ল্যাম্পে শুকিয়ে নেওয়া উচিত নয়। কারণ অপর্যাপ্তভাবে cured থাকা acrylate-এর সংস্পর্শ sensitisation-এর ঝুঁকি বাড়াতে পারে।
তৃতীয়ত, নখের চারপাশে চুলকানি, জ্বালা, ফোলা বা লালভাব শুরু হলে বিষয়টি উপেক্ষা না করে নেল কসমেটিক বন্ধ করে প্রয়োজনে চর্মরোগ বিশেষজ্ঞের (Dermatologist) পরামর্শ নেওয়া উচিত।
আর সবচেয়ে বড় প্রশ্ন—কতদিন অন্তর নেল আর্ট (Nail Art) করলে নিরাপদ? এর কোনও নির্দিষ্ট বৈজ্ঞানিক “৭ দিন”, “১৫ দিন” বা “এক মাস” নিয়ম নেই। কারণ ঝুঁকি শুধু কত ঘনঘন করছেন তার উপর নির্ভর করে না; পণ্যের উপাদান, ত্বকের সংবেদনশীলতা, ব্যবহারের পদ্ধতি এবং UV/LED exposure-ও গুরুত্বপূর্ণ। তাই নির্দিষ্ট গ্যাপকে নিরাপত্তার গ্যারান্টি ভাবার বদলে ভালো মানের, উপাদান-স্বচ্ছ পণ্য ও সঠিক পদ্ধতিকে গুরুত্ব দিন।
আরও পড়ুন – মধু-লেবুর জলেই ঝরবে ওজন? নাকি এটা শুধুই Myth?
সৌন্দর্য থাকুক, কিন্তু নখের যত্নের নামে অযথা ঝুঁকি নয়—নেল আর্টের (Nail Art) আগে একটু সচেতনতা, পরে অনেকটা নিশ্চিন্ত।
