আয়নায় নিজেকে সুন্দর রূপে দেখতে কার না সাধ জাগে? আর সেই সাধ পূরণে যদি সরাসরি খাঁটি সোনার ছোঁয়া মেলে, তবে তো কথাই নেই! ২৪ ক্যারাট গোল্ড সিরাম (Gold Serum) সম্প্রতি সমাজমাধ্যমে তুমুল ঝড় তুলেছে । গয়না হিসেবে সোনার ব্যবহার তো সেই আদিযুগ থেকে চলে আসছে, কিন্তু এবার গলিত সোনার আভা সরাসরি মুখে মাখার হিড়িক পড়েছে তরুণ-তরুণীদের মধ্যে। সমাজমাধ্যমের পাতা খুললেই এখন দেখা যাচ্ছে নেটপ্রভাবীদের হাতে ঝলমল করছে সোনার তরল। কিন্তু প্রশ্ন হলো, রূপচর্চায় এই মহার্ঘ্য উপাদানের প্রবেশ কি সত্যিই আপনার ত্বকের জন্য আশীর্বাদ? নাকি পুরোটাই শুধুই সোশ্যাল মিডিয়ার সাময়িক উন্মাদনা?

আরও পড়ুন: দুর্ঘটনার থেকেও নীরব ঘাতক! যানবাহনের বিষাক্ত ধোঁয়ায় কাঁপছে দেশ, মুক্তির উপায় কী?
কী আছে এই জাদুকরী তরলে?
পার্লারে গিয়ে ‘গোল্ড ফেশিয়াল’ করার অভিজ্ঞতা অনেকেরই আছে। কিন্তু এই নতুন গোল্ড সিরাম (Gold Serum) যেন তাকেও ছাপিয়ে গেছে। নির্মাতাদের দাবি, বোতলের ভেতর থাকা এই তরলে মেশানো রয়েছে একেবারে খাঁটি সোনার সূক্ষ্ম কণা বা ‘ন্যানো-পার্টিকল’। মুখে মাখার সাথে সাথেই এটি ত্বকের গভীরে মিশে গিয়ে এক অদ্ভুত সোনালি আভা তৈরি করে। তবে শুধু সোনা নয়, এই সিরামটি আসলে ত্বকের জন্য এক পুষ্টিকর ককটেল। ত্বককে কোমল ও সতেজ রাখতে এতে যোগ করা হয়েছে হায়ালুরনিক অ্যাসিড (Hyaluronic acid), ভিটামিন সি (Vitamin C) এবং ই (Vitamin E), পেপটাইড (Peptide) এবং শক্তিশালী সব অ্যান্টি-অক্সিড্যান্ট (Antioxidant) ।

ক্লিওপেট্রার রূপের রহস্যের প্রত্যাবর্তন
ভাবছেন সোনা মাখা বুঝি এই একুশ শতকের নতুন আবিষ্কার? একদমই নয়! ইতিহাস ঘাঁটলে দেখা যায়, প্রাচীন মিশরের রানি ক্লিওপেট্রা, যাঁর মোহময়ী রূপের চর্চা আজও বিশ্বজুড়ে হয়, তিনিও নাকি রোজ রাতে মুখে সোনার তৈরি মাস্ক ব্যবহার করতেন। প্রাচীন চিনের রাজপরিবারেও সোনার রোলার দিয়ে ত্বকের পরিচর্যা করার চল ছিল। এমনকী আমাদের প্রাচীন আয়ুর্বেদ শাস্ত্র ও পরম্পরাগত চিকিৎসাতেও ‘স্বর্ণ ভস্ম’ ব্যবহারের ভুরি ভুরি উদাহরণ মেলে। অর্থাৎ, যৌবন ধরে রাখতে সোনার ওপর মানুষের অন্ধ ভরসা সেই প্রাচীনকাল থেকেই।

কী কী জাদুর প্রতিশ্রুতি দিচ্ছে এই সিরাম?
কোরিয়ান ‘গ্লাস স্কিন’ বা কাচের মতো স্বচ্ছ ও নিখুঁত ত্বকের মজেছে আজকের তরুণ তরুণীরা। দাবি করা হচ্ছে, এই গোল্ড সিরাম (Gold Serum) সেই স্বপ্ন পূরণ করতে পারে ম্যাজিকের মতো। বলিরেখা বা বয়সের ছাপ নিমেষে মুছে ফেলা, কোলাজেনের উৎপাদন বাড়িয়ে ত্বককে টানটান রাখা, এমনকি ব্রণ বা র্যাশের মতো জেদি সমস্যাও নাকি দূর করতে পারে এই ২৪ ক্যারাট সোনা। ত্বককে আর্দ্র রাখা থেকে শুরু করে সূর্যের ক্ষতিকর অতিবেগনি রশ্মি (UV rays) থেকে রক্ষা করা— সবই নাকি একা হাতে সামলাতে পারে এই একটিমাত্র বোতল!

কিন্তু, এটি কি আপনার জন্য সম্পূর্ণ নিরাপদ?
বিজ্ঞাপনের চমক আর সোশ্যাল মিডিয়ার গ্ল্যামার দেখে চোখ ধাঁধিয়ে যাওয়া খুব স্বাভাবিক। তবে আবেগের বশে ত্বকের ক্ষতি করে বসা মোটেও বুদ্ধিমানের কাজ নয়। চিকিৎসকদের মতে, সোনার গুঁড়ো বা ন্যানো-পার্টিকল সবার ত্বকের সাথে মানানসই নাও হতে পারে। বিশেষ করে যাদের ত্বক অত্যন্ত স্পর্শকাতর (Sensitive Skin), তাদের ক্ষেত্রে হিতে বিপরীত হওয়ার বা অ্যালার্জি হওয়ার আশঙ্কা থেকেই যায়।

রূপচর্চার এই রাজকীয় অনুভূতি পেতে চাইলে অবশ্যই কিছু সতর্কতা অবলম্বন করা জরুরি। পকেটের বেশ কিছু টাকা খরচ করে এই মহার্ঘ্য গোল্ড সিরাম (Gold Serum) কেনার পর, সোজা মুখে না মেখে প্রথমে কানের পেছনে বা হাতের কবজিতে একটু লাগিয়ে ‘প্যাচ টেস্ট’ (Patch Test) করে নিন। অন্তত ২৪ ঘণ্টা অপেক্ষা করে দেখুন কোনো লালচে ভাব বা জ্বালা হচ্ছে কি না। সবচেয়ে ভালো হয়, যদি এটি আপনার স্কিনকেয়ার রুটিনে যোগ করার আগে একজন ডার্মাটোলজিস্টের (Dermatologist) পরামর্শ নিয়ে নেন।
আরও পড়ুন: ভারতেই আফ্রিকান সাফারির স্বাদ! জেনে নিন এশিয়ার প্রথম মরুভূমি থিম চিড়িয়াখানার খুঁটিনাটি
মনে রাখবেন, সোনা যত দামিই হোক না কেন, আপনার সতেজ ও সুস্থ প্রাকৃতিক ত্বকের চেয়ে বেশি দামি আর কিছুই নয়। তাই চমকে না ভুলে, সচেতন হয়েই বেছে নিন আপনার রূপের চাবিকাঠি। সুস্থ থাকুন, সুন্দর থাকুন!



